১০ টাকা কেজি দরের চাল ব্যবসায়ীদের হাতে!
বগুড়ার ধুনট উপজেলায় ১০ টাকা কেজি দরের চাল হতদরিদ্রদের কাছ থেকে কিনে নিয়েছেন ব্যবসায়ীরা। পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরের চাল কেজিপ্রতি ২৮ টাকা করে ব্যবসায়ীরা কার্ডধারীদের কাছ থেকে কিনেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ এলাকায় ব্যবসায়ী বাদল সাহার গুদাম থেকে ট্রাকে করে নেওয়ার সময় এই কর্মসূচির ৫০ কেজি ওজনের ৯০ বস্তা চাল আটক করেছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ চাল ব্যবসায়ীদের কেনার বৈধতা নেই। অপর দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানিয়েছেন, এ চাল বেচাকেনার বিষয়টি তিনি ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছেন। আইনি প্রক্রিয়া সম্পর্কে তাঁর জানা নেই।
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারীতে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব এই কর্মসূচি উদ্বোধন করেন। পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল হতদরিদ্রদের দেওয়া হবে। সারা দেশের ৫০ লাখ পরিবার এ সুবিধা পাবে। বছরের যে সময়ে খেতখামারে কাজ থাকে না, তখন পল্লি রেশনিং কার্ডধারীরা বছরে পাঁচ মাস এ খাদ্যসহায়তা পাবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই পাঁচ মাস খাদ্যবান্ধব এ কর্মসূচি চালু থাকবে।
ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের ১১ হাজার ৯২১টি হতদরিদ্র পরিবারের মধ্যে একটি করে কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কার্ডধারীরা মাসে এক দিন ১০ টাকা দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। এসব চাল বিক্রির জন্য প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে দুজন করে মোট ২০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এসব ডিলার উপজেলার খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে কার্ডধারীদের মধ্যে ৩০ কেজি চাল মোট ৩০০ টাকায় বিক্রি করেন।
অভিযোগ উঠেছে, কার্ডধারীরা এসব চাল উত্তোলন করে ধুনট বাজারের ব্যবসায়ীদের কাছে ৩০ কেজি চাল ৮০০ টাকা বিক্রি করেছেন। বুধবার বেলা ১১টার দিকে ব্যবসায়ী বাদল সাহার গুদাম থেকে এভাবে কেনা ৯০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করে ধুনট থানার পুলিশ।
ধুনট বাজারের ব্যবসায়ী বাদল সাহা বলেন, কার্ডধারীদের কাছ থেকে ১০ টাকা কেজি দরের এই চাল প্রায় ২৮ টাকা কেজি দরে তিনি কিনেছেন। তিনি বলেন, ‘আমি একা নই, ধুনট বাজারের প্রায় ৪০ জন ব্যবসায়ী মিলে এই চাল কিনেছেন। তাঁদের দেখে আমিও কিনেছি। এই চাল কেনা যাবে না, এমন আইন আমার জানা নেই।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, থানায় আটক এসব চাল কার্ডধারীদের কাছ থেকে ব্যবসায়ীরা কিনেছেন। তদন্ত করে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান বলেন, হতদরিদ্র ব্যক্তিদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল খোলা বাজারে কেনাবেচার কোনো বৈধতা নেই। অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ধুনট বাজারের কয়েকজন ব্যবসায়ী বিষয়টি আমাকে জানিয়েছেন। এ সম্পর্কে আইন আমার জানা নেই। খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’