১০ টাকা কেজির চাল অবৈধভাবে বিক্রি, দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কুসুমহাটি বাজার থেকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া গ্রামের মো. হুরমুজ আলী (৪৫) ও কান্দাশেরিরচর গ্রামের মো. নাজিমউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি ওজনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়।

আজ বুধবার বিকেলে গ্রেপ্তার হুরমুজ ও নাজিমকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুসুমহাটি বাজারের চাল ব্যবসায়ী হুরমুজ আলী ও নাজিমউদ্দিনসহ একটি চক্রের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল বিভিন্নজনের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করছেন বলে অভিযোগ ছিল। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ও মো. রোকনউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা হুরমুজ আলী ও নাজিমউদ্দিনের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। এ সময় পুলিশ ওই দোকানে মজুত করে রাখা ১০ টাকা কেজির ৪০ বস্তা চাল জব্দ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এসআই মো. রোকনউদ্দিন বাদী হয়ে হুরমুজ, নাজিমউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই অবৈধভাবে চাল সংগ্রহের অভিযোগ স্বীকার করেছেন। এ চক্রের অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।