১০ টাকা কেজির চাল কালোবাজারে, ডিলার গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গত শুক্রবার রাতে জাহেদ আলী নামের এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছয় বস্তা চাল জব্দ করা হয়।
আশুলিয়া থানার পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য সরকারিভাবে ডিলার নিয়োগ করা হয়েছে জাহেদ আলীকে (৬৫)। কিন্তু তিনি চাল উত্তোলন করে হতদরিদ্রদের কাছে বিক্রি না করে তাঁর গুদামের পাশে শহীদুল জেনারেল স্টোরে রেখে বাজারমূল্যে বিক্রি করছিলেন। খবর পেয়ে শুক্রবার রাতে ওই দোকানে অভিযান চালিয়ে চালসহ জাহেদ আলীকে আটক করে পুলিশ। এর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক শহিদুল পালিয়ে যান।
কালোবাজারে চাল বিক্রির অভিযোগে আশুলিয়া থানার এসআই আশরাফুল আলম বিশেষ ক্ষমতা আইনে জাহেদ আলীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় শহীদুলকেও আসামি করা হয়।