১০ টাকা কেজির ৫০০ কেজি চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ার্কশপ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১০ বস্তা (৫০০ কেজি) চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলার পূর্বভাগ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা এ অভিযান চালান।
এ সময় জড়িত সন্দেহে দোকানের মালিক লোকমান হোসেনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৮ হাজার ৭৪৫ জন কার্ডধারীর কাছে চাল বিক্রির জন্য ২৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। পূর্বভাগ ইউনিয়নে মাহবুবুর রহমান ও ফারুকুল ইসলাম নামের দুই ডিলার রয়েছেন। মাহবুবুরকে বিক্রির জন্য ৯ হাজার কেজি এবং ফারুকুলকে ৯ হাজার ২৪০ কেজি চাল দেওয়া হয়।
পূর্বভাগ ইউনিয়নের আবদুল খালেদের মার্কেটের লোকমানের ওয়ার্কশপে ১০ টাকা কেজি দরের চাল থাকার বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে প্রশাসন জানতে পারে। গতকাল বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকান থেকে ১০ বস্তা চাল জব্দ করা হয়। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান।
জানা গেছে, জব্দ করা এই চালের ডিলার মাহবুবুর রহমান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, উম্মে সালমার নির্দেশে জব্দ করা চাল বিক্রি করে টাকা তাঁর কাছে জমা দেওয়া হয়েছে।
উম্মে সালমা বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালগুলো কার এবং আটক ব্যক্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি সংযোগটি কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী বলেন, আটক দোকানদার গরিব, অসহায় এবং ঘটনার সঙ্গে জড়িত নন বলে মনে হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বের করা হবে।
ডিলার মাহবুবুর রহমান চালগুলো তাঁর বলে স্বীকার করে বলেন, ‘গত দুই দিন আমার দোকান বন্ধ ছিল। কেয়ারটেকার ইলিয়াস মিয়া আমাকে না জানিয়েই চালের বস্তুাগুলো ওই ওয়ার্কশপে সরিয়ে ফেলেছেন। তবে রোববার সকালে ১০ টাকা কেজি দরে ১০ বস্তা চাল বিক্রির কথা ছিল।’