১০ টাকা কেজির ৯ মেট্রিক টন চাল জব্দ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারি গ্রামের দুটি বাড়ি থেকে গত মঙ্গলবার ১০ টাকা কেজির ৯ মেট্রিক টনের বেশি চাল জব্দ করেছে পুলিশ। ঘটনার পর থেকে ইউনিয়নের ডিলার পলাতক।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুপুর ইউনিয়নের ডিলার ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আজাহার আলী পাচারের জন্য দক্ষিণ খাটিয়ামারি গ্রামের মোকারম মৃধার বাড়িতে ১৫৯ বস্তা ও শাহ আলম মিয়ার বাড়িতে ২৪ বস্তা চাল মজুত রাখেন। বিষয়টি জানতে পেরে সোমবার রাত ১১টার দিকে স্থানীয় জনগণ চালের বস্তাগুলো আটক করে উপজেলা প্রশাসনকে জানান। বিষয়টি টের পেয়ে মোকারম মৃধা ও শাহ আলম মিয়া কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। পরে গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ওই ১৮৩ বস্তা চাল জব্দ করেন। এসব বস্তায় ৯ মেট্রিক টন ১৫০ কেজি চাল রয়েছে। পরে জব্দ করা চাল স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের জিম্মায় রাখা হয়। এ ঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা রিয়াদুল হক বাদী হয়ে ওই দিন (মঙ্গলবার) রাতে ডিলার আজাহার আলী, দুই বাড়ির মালিকসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।
এ ব্যাপারে ফজলুপুর ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘রাতে চালগুলো যাতে অন্যত্র সরাতে না পারে সে জন্য স্থানীয় লোকজন ওই দুই বাড়ি পাহারা দেন।’ এ বিষয়ে জানতে ডিলার আজাহার আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চাল জব্দের সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক।
এ ব্যাপারে ইউএনও আবদুল হালিম গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আজাহারের ডিলারশিপ বাতিল করা হবে।