ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের এক বছরে একই খাতে তিনবার ফি দিতে হচ্ছে। তাঁদের অভিযোগ, অন্য হলগুলোর তুলনায় এই হলে থাকতে ১০ গুণ বেশি ফি গুনতে হয়।
গত সোমবার বিজয় একাত্তর হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ৩ হাজার ৬০০ টাকা দিয়ে পরিচয়পত্র নবায়ন করতে বলেছে। হলের প্রাধ্যক্ষ বলছেন, এটি হলের বার্ষিক ফি। হলে ওঠার সময় শিক্ষার্থীদের জানানো হয়েছিল, প্রতিবছর এই ফি দিতে হবে। শিক্ষার্থীরা বলছেন, তাঁরা ভর্তি হওয়ার সময় একবার টাকা দিলেও সেটা যে প্রতিবছর দিতে হবে, তা জানতেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেসব ছাত্রের হলে পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদেরকে হলের ফি বাবদ ৩৬০০ টাকা আগামী ১০ ডিসেম্বর ২০১৫-এর মধ্যে পরিশোধ করে পরবর্তী ০১ (এক) বছরের জন্য আইডি নবায়ন করার নির্দেশ দেওয়া যাচ্ছে। যেসব ছাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে হলের টাকা পরিশোধ করে আইডি নবায়ন করবে না, তারা হলে আর থাকতে আগ্রহী নয় হিসেবে ধরে নেওয়া হবে। তাদের সিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।’
হলের নোটিশ বোর্ডে এই টাকার খাতওয়ারি হিসাব দেওয়া হয়েছে। সে অনুযায়ী, পরিচয়পত্র ফি ১০০ টাকা, ভর্তি ফি ১০০ টাকা, ছাত্রকল্যাণ তহবিলের জন্য ৫০০ টাকা, দরিদ্র তহবিলের জন্য ২০০ টাকা, সহশিক্ষা কার্যক্রমের জন্য ৭০০ টাকা, আবাসিক ছাত্র ফি (জামানত+সংশোধন) ১ হাজার ৫০০ টাকা ও বিবিধ খরচ ধরা হয়েছে ৫০০ টাকা।
স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ, তাঁরা এর আগে আরও দুবার পরিচয়পত্র ফি ও হলের ভর্তি ফি দিয়েছেন। আবাসিক ছাত্র ফি বা হলের সিট ভাড়াও দুবার দিয়েছেন। বিবিধ খরচ হিসেবে অতিরিক্ত দিয়েছেন ৫০০ টাকা। কিন্তু আবারও তাঁদেরকে এই ফি দিতে বলা হয়েছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, একটি পরিচয়পত্রের জন্য অন্য হলে লেমিনেটিং খরচ রাখা হয় সর্বোচ্চ ১০ টাকা, কিন্তু এখানে ১০০ টাকা নেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাজী মুহম্মদ মুহসীন হল ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থীদের বার্ষিক ৩৬০ টাকা করে দিতে হয়। অন্য হলগুলোতেও এর পরিমাণ কাছাকাছি।
জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘হলে ওঠার সময়ই বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, প্রতিবছর এই টাকা দিতে হবে। এখন শিক্ষার্থীরা নিজেদের স্বার্থে এমন কথা বলছে। এই ফি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত।’