১০ টাকার চাল বিক্রির ঘটনায় ডিলারসহ গ্রেপ্তার ২
দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের সরকারি চাল খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার একজন পরিবেশক (ডিলার) ও আরেকজন চালবিক্রেতাকে গত মঙ্গলবার সাত বস্তা চালসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নিয়োজিত ডিলার কামিনী রায় সরকারি ওই চাল কার্ডধারী দরিদ্র ব্যক্তিদের না দিয়ে এলাকার মুদি ব্যবসায়ী ও চালবিক্রেতাদের কাছে বিক্রি করে দেন। তাঁদের মধ্যে ইউনিয়নের ২৫ মাইল বাজারের মুদি ব্যবসায়ী মো. রুস্তম আলী বেশ কয়েক বস্তা চাল কেনেন। বীরগঞ্জের ইউএনও মো. আলম হোসেন গত মঙ্গলবার রাতে পুলিশ নিয়ে রুস্তমের দোকানে অভিযান চালান। এ সময় খাদ্য অধিদপ্তরের সিল মারা সাত বস্তা চাল পাওয়া যায়। পরে কামিনী রায় এবং রুস্তমকে আটক করে পুলিশ।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. এনামুল হক বলেন, এ ঘটনায় তিনি মঙ্গলবার রাতেই আটক দুজন ও পলাতক দুজন ইউপি সদস্যকে আসামি করে থানায় মামলা করেছেন।