১০ টাকার জন্য তিন ছাত্রকে জখম
ঢাকার সাভারে ক্রিকেট খেলার বাজির ১০ টাকা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের তিনজন স্কুলছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার সাভার পৌরসভার জামসিং এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্ররা হলো জামসিং শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাগর আলী (১৬) ও আল-আমিন (১৭) এবং শিমুলতলার ম্যাট্রো ক্রাউন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাকিবুল হাসান (১৪)।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জামসিং এলাকার কামরুল ইসলাম ও জসিম উদ্দিন নামে দুই তরুণ বৃহস্পতিবার বিকেলে এলাকায় ক্রিকেট খেলার আয়োজন করেন। খেলা চলাকালে হার-জিৎ নিয়ে কামরুল ও জসিম ৫৫ টাকার বাজি ধরেন। জসিমের দল হেরে গেলে কামরুল বাজির টাকা দাবি করেন। জসিম ১০ টাকা কম দিলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কামরুল জসিমকে চড়-থাপ্পড় দিলে উভয় দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন মীমাংসা করে দেন।
আহত আল-আমিন অভিযোগ করেন, ওই ঘটনার ঘণ্টা খানেক পর জসিম তাঁর দলের খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে লাঠিসোঁটাসহ কামরুলের বাড়ির দিকে যান। খবর পেয়ে কামরুল তাঁর দলের ছেলেদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে কামরুল তাঁর ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাগর, আল-আমিন ও রাকিবুলকে গুরুতর আহত করেন। পরে এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের জানান, ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুলের বাঁ হাত ও পায়ে, আল-আমিন দুই হাতে এবং সাগরের বাঁ হাতের কবজির ওপরের অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সাগরের তিনটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল দুপুরে কামরুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর মা কুলসুম বেগম বলেন, জসিম লোকজন নিয়ে এসে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি তাঁর ছেলে ও তাঁকে লাঠি দিয়ে মারধর করেন।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্তে ক্রিকেট খেলার হার-জিতের বাজির টাকা নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত হয় বলে তিনি জানতে পেরেছেন। আহত ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।