১০ দিন পর পুকুর থেকে মাথা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় মাথাবিহীন লাশ উদ্ধারের ১০ দিন পর আজ সোমবার বিকেলে মাথাটি পুকুর থেকে উদ্ধার করেছে কুমিল্লার পিবিআই পুলিশ। ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামির তথ্যের ভিত্তিতে মাথাটি জাল ফেলে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের জামাল হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জুলাই দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের একটি পুকুরপাড়ের নির্জন এলাকায় মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়। মামলাটি তদন্ত করছে পিবিআই পুলিশ কুমিল্লা।

কুমিল্লার পিবিআই পরিদর্শক মো. মতিউর রহমান বলেন, ওই মুঠোফোনের মাধ্যমে পিবিআই পুলিশ আজ সকালে জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে। জামাল জানিয়েছেন, তিনিসহ কয়েকজন মিলে তাঁকে খুন করে লাশ ও মস্তক আলাদা করেছিলেন। তবে তিনি তাঁকে চিনতেন না। সঙ্গে থাকা অন্যরা তাঁকে চিনতেন এবং তাঁদের সঙ্গেই দ্বন্দ্ব ছিল ওই ব্যক্তির। লোকটিকে খুন করে মস্তকটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।

মতিউর রহমান বলেন, আজ বিকেলে পুকুর থেকে জাল ফেলে মাথাটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করলেই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যাবে।