১০ নির্বাচন কর্মকর্তাকে গুলি করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ কর্মকর্তাকে মোবাইল ফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। ফোনে চাঁদা দাবি করে বলা হয়, টাকা না দিলে তাঁদের গুলি করা হবে।

সচিবালয়ের জনসংযোগ শাখার উপসচিব আসাদুজ্জামান আরজু প্রথম আলোকে বলেন, আজ সকালে ফোনে চাঁদা দাবি করে তাঁকে গুলি করার হুমকি দেওয়া হয়। এতে দুজন ব্যক্তি জড়িত বলে তিনি দাবি করেন। তাঁকে ছাড়াও আরও ১০ জনকে একই ধরনের হুমকি দেওয়া হয় বলে জানান আসাদুজ্জামান। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ১০ জন কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয় বলে জানান তিনি।
উপসচিব আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

হুমকিদাতা মোবাইল ফোনের ০১৯৯১৭৬০৭১৭ এই নম্বর থেকে ফোন করে। হুমকিদাতাদের একজন নিজেকে পেটকাটা বাবু ও অপর একজন নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বলে দাবি করেছেন।

সচিবালয়ের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ জন কর্মকর্তাকে একই নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।