১০ পরিবার ভিটেছাড়া, আতঙ্কে ৪০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম না আসতেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ১০টি পরিবার ভাঙন থেকে রক্ষা পেতে অন্যত্র সরে গেছে। হুমকির মুখে রয়েছে ফেরি ও লঞ্চঘাট এলাকার তিনটি গ্রামের চার শতাধিক পরিবার।

স্থানীয় বাসিন্দা ও ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে বৃষ্টি ও বাতাস হলেই ভাঙন হচ্ছে। এতে শঙ্কিত হয়ে ১ ও ২ নম্বর ঘাট এলাকায় অবস্থিত ছিদ্দিক কাজীর পাড়া এলাকার ১০টি পরিবার অন্যত্র চলে গেছে। ছিদ্দিক কাজীর পাড়াসহ ১ নম্বর ফেরি ও লঞ্চঘাট এলাকার মজিদ শেখের পাড়া এবং ছাত্তার মেম্বার পাড়ার কয়েক শ পরিবারও আতঙ্কে রয়েছে। ২ ও ৩ নম্বর ঘাটে ভাঙনের ঝুঁকি নিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। দ্রুত ব্যবস্থা না নিলে ঘাট দুটি যেকোনো সময় বন্ধ হয়ে যাবে।

গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, পদ্মার পাড়সংলগ্ন ছিদ্দিক কাজীর পাড়ায় কয়েকটি খালি ভিটা পড়ে আছে। কেউ ঘর ভেঙে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ শূন্য ভিটায় চুলায় রান্নার কাজ সারছেন।

বৃদ্ধা আলেয়া বেগম বলেন, ‘বাজান, সবাই চইলা গেছে। কয় বছর আগে আমরা এহানে ঠাঁই নিছিলাম। অহন আমরাও যাইবার জন্য গোছগাছ করছি।’ পাশে ছাহেরা বেগমও রান্নায় ব্যস্ত। তিনি বলেন, ‘প্রায় ১৫-২০ দিন ধইরা নদী ভাঙছে। তাফাল (বাতাস) বা বৃষ্টি শুরু হইলেই ভাঙন বেড়ে যায়। এর মধ্যে কালাম ফকির, রশিদ মণ্ডল, নিজাম মণ্ডল, আনু মণ্ডল, কদম আলী শেখ, সাইমদ্দিন শেখ, কিয়াম শেখ, মোজাম শেখ, ফরিদ খাঁসহ ১০ পরিবার চইলা গেছে।’

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, লঞ্চ ও ফেরিঘাটসহ ছিদ্দিক কাজীর পাড়া, মজিদ শেখের পাড়া ও ছাত্তার মেম্বার পাড়ায় ভাঙন দেখা দিয়েছে। তিন গ্রামের অন্তত চার শতাধিক পরিবার ভাঙন-আতঙ্কে রয়েছে। স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে বসতভিটাসহ ফেরিঘাট নদীতে বিলীনের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি ঘাট রক্ষায় সংস্কারকাজ করা হয়। পাইলিংয়ের স্থান ছাড়া আশপাশ সব ভেঙে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমেই ঘাট রক্ষা করা মুশকিল হয়ে পড়বে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ঘাট রক্ষায় ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। সমস্যা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।