১০ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা
রাজধানীতে গতকাল বুধবার ১০টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাতটি অনুমোদনবিহীন ওষুধের দোকান, একটি কেমিক্যাল, একটি কসমেটিকস ও একটি লজেন্স তৈরির কারখানা। অভিযানের সময় একটি করে নকল কেমিক্যাল ও কসমেটিকস কারখানা সিলগালা করে দেওয়া হয়।
র্যাব সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে নির্বাহী হাকিম মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার আগা নবাব দেউড়ি এলাকায় আর আর কেমিক্যাল কারখানায় অভিযান চালান। ভেজাল কেমিক্যাল ও নকল কসমেটিকস সরবরাহে জড়িত অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. হাবিবুর রহমানকে (২৫) দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। আদালত কারখানার গুদাম থেকে ২০০ বস্তা নকল ও নিম্নমানের সোডিয়াম বাই কার্বনেট জব্দ করেন। পরে তা মাতুয়াইলে সিটি করপোরেশনের ময়লা ফেলার নির্ধারিত স্থানে নিয়ে ধ্বংস করা হয়। অভিযানে র্যাব-৩-এর একটি দল অংশ নেয়।
র্যাবের ওই ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার চকবাজারের এসি রায় রোডে হাজি গনি মিয়া প্লাজার ষষ্ঠ তলায় নকল কসমেটিকস কারখানায় অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক হিরন মিয়া পালিয়ে যান। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
গতকাল দুপুরে র্যাবের পৃথক ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার বংশালে ফাহাদ ফুড প্রোডাক্ট লজেন্স কারখানায় অভিযান চালান। নোংরা পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমতি ছাড়া লজেন্স তৈরির অভিযোগে কারখানার মালিক মো. ফাহাদ হোসেন (২২) ও নায়েম আলীকে (৫০) দেড় লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাস করে কারাদণ্ড দেন। জরিমানার টাকা দেওয়ায় তাঁদের মুক্তি দেওয়া হয়। এ সময় এক লাখ লজেন্স জব্দ করা হয়। অভিযানে র্যাব-২-এর একটি দল অংশ নেয়।
গতকাল দুপুর ১২টার দিকে র্যাবের হাকিম মো. হেলালউদ্দিনের নেতৃত্বে র্যাবের আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরের পল্টন, গুলিস্তান, রমনা ও স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন সাতটি অবৈধ ওষুধের দোকানে অভিযান চালিয়ে অবৈধ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ বিক্রির অভিযোগে এবং সাতজন দোকানমালিকের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের দোষী সাব্যস্ত করে ছয়জনকে ১০ হাজার টাকা করে এবং আরেকজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।