১০ বছর পর কাল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও ১০ বছর পর এই সম্মেলন হচ্ছে। অথচ উপজেলাগুলোর কমিটি গঠিত হয়নি, পৌর কমিটিগুলোর অবস্থাও একই।

জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, বুধবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। অতিথি হিসেবে থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ কয়েকজন।

২০০৫ সালের ২৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভোটে আবদুল হাই সভাপিত ও আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছয় বছর পর ২০১১ সালে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর আর সম্মেলন হয়নি।

এবারের সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি আবদুল হাই, বর্তমান সহসভাপতি আবদুল ওয়াহেদ জোয়ারদার এবং অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আবেদ আলীর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক সাইদুল করিম, আবদুর রশীদ এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কাজী এনামুল হক প্রার্থী হয়েছেন।

অন্যদিকে, জেলার ছয়টি উপজেলা কমিটিগুলোর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ১০ বছর পেরিয়ে গেলেও কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় সম্মেলন হয়নি। ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলার মেয়াদ পার হয়েছে ১২ বছর। আবার নয় বছর পর গত বছর কালীগঞ্জ উপজেলা কমিটির সম্মেলন করতে গিয়ে নিজ দলের কর্মীদের হাতে খুন হন কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ১৯ বছর পর শৈলকুপা উপজেলার সম্মেলন হলেও কমিটি ঘোষণা করতে পারেননি নেতারা। একই অবস্থা জেলার পৌরসভা কমিটিগুলোর। শুধু কালীগঞ্জ পৌরসভা কমিটি গঠন সম্ভব হয়েছে। 

জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলী জানান, উপজেলা কমিটিগুলো করতে না পারলেও জেলা কমিটি গঠনে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাই তাঁরা সম্মেলন করছেন। পরে এই নেতারা উপজেলা কমিটি করবেন। সম্মেলন উপলক্ষে ২৩৫ জন কাউন্সিলর (প্রতিনিধি) নির্বাচন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা জেলা কমিটির নেতা নির্বাচন করবেন।

নাম প্রকাশ না করার শর্তে সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, তাঁরা চান ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হোক। তাহলে যোগ্য নেতৃত্ব উঠে আসবে।

এদিকে এই সম্মেলন ঘিরে ইতিমধ্যে জেলা শহরের প্রধান প্রধান সড়ক রঙিন ব্যানার, তোরণ, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। বিভিন্ন পদের প্রার্থীরা দলীয় সভানেত্রী ও কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে বিশাল ডিজিটাল ব্যানার তৈরি করেছেন। সেই সঙ্গে ভবনজুড়ে বিশাল আকৃতির ব্যানার টানানো হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মী-সমর্থকেরা প্রতিদিনই মহড়া দিচ্ছেন। শহরের মোড়ে মোড়ে তাঁরা স্থাপন করেছেন প্রচার কেন্দ্র।