রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ বছরে খুন হলেন তিনজন অধ্যাপক। সর্বশেষ গতকাল শনিবার কুপিয়ে হত্যা করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে। এর আগে খুন হন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের।
২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন বিনোদপুর এলাকায় প্রাতর্ভ্রমণের সময় কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক ইউনুসকে। এ ঘটনায় মামলা হলে পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। নিম্ন আদালত ২০১০ সালের ২৮ জানুয়ারি নওগাঁ সদর থানার সারকডাঙ্গা গ্রামের মো. শহিদুল্লাহ ওরফে মাহবুব ও সাতক্ষীরার মো. শফিউল্লাহ ওরফে তারেক নামের জেএমবির দুই নেতাকে মৃত্যুদণ্ড দেন। অন্য ছয় আসামিকে খালাস দেন আদালত। এ মামলা বর্তমানে হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায়।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। দুই দিন পর ক্যাম্পাসের বাসার পাশের ম্যানহোলের ভেতরে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভী আহমেদ ৩ ফেব্রুয়ারি নগরের মতিহার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশ ২০০৭ সালের ১৮ মার্চ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
নিম্ন আদালত ২০০৮ সালের ২২ মে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক মিয়া মো. মহিউদ্দিনসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। এ ছাড়া ছয় আসামির মধ্যে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহীসহ দুজনকে খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্ট ২০১৩ সালের ২১ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে মহিউদ্দিন এবং অধ্যাপক তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। অপরদিকে শিবির কর্মী আবদুস সালাম ও মো. নাজমুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে করা আপিল এখন শুনানির অপেক্ষায়।