১০ বার কান ধরে উঠবস করেই 'মাফ' মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বার কান ধরে উঠবস করে ‘মাফ’ পেয়েছে গৃহবধূ শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত তিন দুর্বৃত্ত। ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার এক সালিসে এ শাস্তি দেওয়া হয়েছে। সালিসকারীদের ভয়ে থানায় অভিযোগ জানাতেও সাহস পাচ্ছে না পরিবারটি।
সালিসে ‘মাফ’ পাওয়া অভিযুক্ত ব্যক্তিরা হলো রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন ও ফয়জুল ইসলাম।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ঘর থেকে বের হলে ওই গৃহবধূর শ্লীলতাহানি করে তিন দুর্বৃত্ত। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় স্ত্রীকে খুঁজতে বের হন উদ্বিগ্ন স্বামী। দুর্বৃত্তরা গৃহবধূর স্বামীকে দেখে পালিয়ে যায়। গৃহবধূর গলার সোনার হারটিও ছিনিয়ে নেয় তারা।
মঙ্গলবার সকালে ওই গৃহবধূর স্বামী বিষয়টি স্থানীয় সমাজপতিদের জানান। এ নিয়ে সালিস হবে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়। বিষয়টি পুলিশ বা অন্য কাউকে জানাতেও নিষেধ করে তারা। ওই দিন রাত আটটার দিকে চর মজলিশপুর গ্রামের সালিসে উপস্থিত ছিলেন সমাজপতি সামছুল হক, ছায়েদুল হক ও আবুল কালাম। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী গৃহবধূর গলার হারটি ফেরত দেওয়া হয়। তিন দুর্বৃত্ত গৃহবধূর কাছে ক্ষমা চায় ও ১০ বার করে কান ধরে উঠবস করে।
এ বিষয়ে জানতে চাইলে সালিসদারদের একজন সামছুল হক দাবি করেন, ওই রাতে পুলিশ দেখে পালানোর সময় গৃহবধূর সঙ্গে ওই তিনজনের ধাক্কা লাগে। তখন হারটি পড়ে যায়। ধাক্কা লাগার জন্য মাফ চাওয়া এবং ১০ বার করে কান ধরে উঠবস করানো হয়েছে। হারটি ফেরত দেওয়া হয়েছে।
সমাজপতিদের একজন আবু ইউছুপ জানান, ‘মঙ্গলবার সন্ধ্যায় সালিসে আমাকে ডাকা হয়। কিন্তু শ্লীলতাহানির ঘটনার সালিস হয় না। এটি আইনের বিষয়। তাই সালিসে যাইনি।’
জানতে চাইলে গৃহবধূর স্বামী বলেন, সব ঘটনা সালিসদারদের বলা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, তিনি বিষয়টি শোনেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।