সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতা রবিউল হাসানের বিরুদ্ধে ১০ ব্যক্তিকে আটকে রেখে ও মারধর করে বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। যুগিখালি ইউনিয়নের কামারলি গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
এ সময় যুগিখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল হাসান উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। রবিউল হাসান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কামারলি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, আড়াই শতক জমি নিয়ে গ্রামের মোকারম আলী ও আবদুল খালেকের মধ্যে বিরোধ চলছিল। মোকারম আলী যুগিখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। চেয়ারম্যান রবিউল ইসলামের সহায়তায় মোকারম আলী ওই জমিতে গতকাল সকালে ৩০-৪০ জন লোককে নিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন।
আবদুল খালেক অভিযোগ করেন, মোকারমের লোকজন প্রাচীর নির্মাণ শুরু করলে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় রবিউল ইসলামের উপস্থিতিতে সিরাজুল ইসলাম, মাসুদ আলী, আরশাদ আলী, মোকাররম আলী, বাকি বিল্লাহ, রেজাউর রহমানসহ ৩০-৪০ জন লাঠি, দা ও ইটের টুকরো নিয়ে তাঁদের ওপর হামলা করে। এ সময় তাঁদের বাড়ির মধ্যে ঢুকে তাঁকেসহ তাঁর পরিবারের ১০ জনকে মারধর করা হয়। পরে তাঁদের বাড়ির মধ্যে আটকে রাখা হয়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁদের ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। দুপুরে পুলিশ এলেও তাঁদের উদ্ধার করেনি।
মোকারম আলী বলেন, আবদুল খালেকের কাছ থেকে তাঁর বাবা বাবর আলী মোড়ল আড়াই শতক জমি কিনেছিলেন। কিন্তু ওই জমি দীর্ঘদিন ধরে দখলে নেওয়া যাচ্ছিল না। এ নিয়ে ইউনিয়ন পরিষদের একাধিকবার নালিশ দেওয়া হয়েছে। অবশেষে গতকাল ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ঘটনাস্থলে এলে তাঁরা থেকে ওই জমিতে প্রাচীর দেওয়া শুরু করেন। কিন্তু এ জমি নিয়ে দেওয়ানি মামলা থাকায় পুলিশ এসে তাঁদের কাজ বন্ধ করতে বলে।
রবিউল হাসান বলেন, প্রাচীর নির্মাণ কিংবা জমি দখলের বিষয়ে তাঁর কোনো ভূমিকা নেই। গোলমালের খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে সেখানে গিয়েছিলেন। তাঁদের সামনে কোনো মারপিট হয়নি। আর মোকারম আলী তাঁর পৈতৃক জমিতে প্রাচীর দিচ্ছিলেন।
কলারোয়ার সরসকাঠি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন বলেন, গোলমালের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর কোনো গন্ডগোল হয়নি। এ বিষয়ে কেউ লিখিত কোনো অভিযোগ করেননি।