১০ মাসে ধর্ষণ ৭৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর প্রথম ১০ মাসে সারা দেশে ৭৭২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৩টি জাতীয় দৈনিক পত্রিকার খবরের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা পরিষদ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নারী নির্যাতনের এই চিত্র তুলে ধরে। সংগঠনটির দাবি, গত পাঁচ বছরের মধ্যে এ বছর ধর্ষিত হয়েছেন সবচেয়ে বেশি নারী। অনেক ক্ষেত্রে এসব ধর্ষণের ঘটনায় রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কাজ করতে পারছে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিন হাজার ৫৬টি চিঠি দিয়ে উত্তর পাওয়া গেছে মাত্র ৩১টির। ৭৭২ নারীর মধ্যে গণধর্ষণের শিকার হন ১৫০, ধর্ষণের পর হত্যা করা হয় ৭৮ জনকে।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, এখন ভীতি ছড়াতে ধর্ষণ একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধর্ষণের আগে ও পরে বীভৎস নির্যাতন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নারী নির্যাতন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একই দেশের মধ্যে দুই ধরনের চিত্র পাওয়া যাচ্ছে। বাংলাদেশের নারী হিমালয়ের চূড়ায় উঠেছেন, আবার এ দেশেই নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে।