নাটোরের সিংড়া উপজেলা থেকে গত ১০ মাসে ৯টি মোটরসাইকেল চুরি হয়েছে। সর্বশেষ গত সোমবার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাবেষ্টিত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বর থেকে রফিকুল ইসলাম নামের এক কর্মচারীর মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে গত মঙ্গলবার থানায় মামলা হলেও গাড়িটি উদ্ধার হয়নি।
সিংড়া থানা-পুলিশ ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনও কার্যালয়ের টেকনিশিয়ান রফিকুল সোমবার বেলা ২টার দিকে কার্যালয়ের সামনে তাঁর ১২৫ সিসি বাজাজ ডিসকোভার লাল-কালো রঙের একটি মোটরসাইকেল তালা দিয়ে রেখে কাজ করছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে এসে তিনি মোটরসাইকেলটি পাননি। এ সময়ের মধ্যে মোটরসাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে তিনি থানায় সোমবার সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মঙ্গলবার নিয়মিত মামলা করেন।
রফিকুল বলেন, সিসি ক্যামেরার ওপর ভরসা করে তিনি মোটরসাইকেলটি সেখানে রেখেছিলেন। পুলিশ মঙ্গলবার বিকেল পর্যন্ত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেনি। একই স্থান থেকে সম্প্রতি উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের ১৩৫ সিসি ডিসকোভার, পাটকোল গ্রামের রওশন আলীর ১০০ সিসি ডিসকোভার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের ৮০ সিসি ও জনৈক মিলন হোসেনের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়।
গত ১০ মাসের মধ্যে উপজেলার জামতৈল এলাকা থেকে উপজেলা পরিষদের মালিকানাধীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ছাড়া উপজেলার বালুয়া বাসুয়া জামে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ ও দমদমা মাদ্রাসায় নামাজ আদায় করার সময় তিন ব্যক্তির ৩টি মোটরসাইকেল চুরি হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন বলেন, উপজেলা পরিষদের মোটরসাইকেল চুরির বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সভায় একাধিকবার উপস্থাপন করা হলেও কোনো কাজ হয়নি।
উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, তিনি তাঁর মোটরসাইকেল চুরির ব্যাপারে সিংড়া থানায় জিডি করেছিলেন। কিন্তু তিনি গাড়ির কোনো সন্ধান পাননি।
ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান বলেন, ‘আমার অফিসের সামনে থেকে মোটরসাইকেল হারানোর ব্যাপারে আমি নিজেই বিব্রত।’ এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পুলিশকে মোটরসাইকেলচোর ধরার ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে বলে তিনি জানান।
সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি অল্প দিন হলে এ থানায় যোগ দিয়েছেন। মোটরসাইকেল চুরি ঠেকানোর ব্যাপারে তিনি সব কর্মকর্তাকে সজাগ করেছেন। একই সঙ্গে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর শনাক্ত করারও উদ্যোগ নিয়েছেন। কিছুদিনের মধ্যে এর সুফল পাওয়া যাবে।