১০ মাসের শিশুকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মাসের একটি মেয়েশিশুকে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার খুলনার খালিশপুর থানার পিপলস কলোনিতে এ ঘটনা ঘটে।
এতে জড়িত থাকার অভিযোগে শিশুটির মা শারমিন (২০) ও তাঁর দূরসম্পর্কের মামা মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যার শিকার শিশুটির নাম সুমাইয়া। তার বাবা সুমন শেখ রিকশাচালক।
সুমন শেখের খালাতো বোন কুলসুম বেগম বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনি সুমনের ভাড়া বাসায় গিয়ে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তখন তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে শিশু সুমাইয়া। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে সুমাইয়াকে উদ্ধার করে। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, কলোনির ১১১ নম্বর কক্ষ ভাড়া নিয়ে সুমন তাঁর স্ত্রী শারমিন, সন্তান, মা জরিনা বেগম ও বোন সুমিকে নিয়ে একসঙ্গে থাকেন। প্রতিদিনের মতো গতকাল সকালেও জরিনা বেগম ক্রিসেন্ট জুটমিলে কাজে চলে যান। সুমন বেরিয়ে পড়েন রিকশা নিয়ে। আর সুমি যায় স্কুলে। সকাল সাড়ে আটটার দিকে কুলসুমের চিৎকার শুনে সবাই ছুটে এসে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
প্রতিবেশীদের ভাষ্য, কিছুদিন আগে শারমিন স্বামীর সঙ্গে ঝগড়া করে মায়ের কাছে চলে গিয়েছিলেন। সুমন শেখ অভিযোগ করেন, তাঁর স্ত্রী মেয়েকে হত্যা করেছেন। মামার প্ররোচনায়ই তাঁর এ কাজ। মামা মিজান বোনঝিকে আবারও বিয়ের পিঁড়িতে বসানোর স্বপ্ন দেখিয়েছিলেন। তবে এ জন্য কন্যাশিশুকে রেখে আসার শর্তও জুড়ে দিয়েছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর এলাকাবাসী শারমিন ও তাঁর মামাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শারমিন হত্যার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সুমাইয়ার বাবা থানায় মামলা করেছেন।