মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজশাহী নগরের দেবিশিংপাড়া এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ সময় এক নির্মাণশ্রমিককে গুলি করে মুঠোফোন ও তাঁর স্ত্রীর হাতব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা। ১০ মিনিট আগে একই স্থানে আরও এক ব্যক্তির মুঠোফোন ও নগদ টাকা ছিনতাই হয়েছে।
গতকাল শুক্রবার ভোর পাঁচটা ২০ মিনিট থেকে সাড়ে পাঁচটার মধ্যে দুটি ঘটনা ঘটেছে।
গুলিতে আহত নির্মাণশ্রমিকের নাম আল আমিন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুপুরে অস্ত্রোপচার করে গুলি অপসারণ করা হয়েছে।
ছিনতাইয়ের একটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে একই ছিনতাইকারী দল দুটি ঘটনা ঘটিয়েছে কি না এবং কোন অস্ত্রের গুলিতে আল আমিন আহত হয়েছেন সে বিষয়েও পুলিশ কিছু জানাতে পারেনি।
নির্মাণশ্রমিকের স্ত্রী মাহমুদা জামান বলেন, খোজাপুর এলাকার বাড়ি থেকে তিনি এবং তাঁর স্বামী বাইসাইকেলে চেপে ভোরে একটি মাজারের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসে ছিলেন তিনি। ভোর সাড়ে পাঁচটায় দেবিশিংপাড়ায় আরএস ছাত্রবাসের সামনে পৌঁছানোর পর দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করেন।
মাহমুদা জামান বলেন, এক ছিনতাইকারী তাঁর গলায় চাকু ধরে। অন্যজন স্বামীকে গুলি করে মুঠোফোন ও তাঁর হাতব্যাগ নিয়ে চলে যায়। তিনি জানান, তাঁর স্বামীর বুকের বাঁ পাশে গুলি লেগেছে। পরে একজন রিকশাওয়ালার সহায়তায় তাঁকে হাসপাতালে নেন তিনি।
ছিনতাইয়ের শিকার হওয়া আরেকজন কাজলা এলাকার আমজাদ হোসেন। তিনি রাজশাহীর স্থানীয় একটি দৈনিক পত্রিকার সার্কুলেশন ম্যানেজার। পত্রিকা বিলি করার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়ে দেবিসিংপাড়া এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার গতকাল সন্ধ্যায় বলেন, ছিনতাইয়ের ঘটনায় আল আমিনের পরিবারের কেউ মামলা করতে আসেনি। তবে আমজাদ হোসেন অভিযোগ করেছেন। তিনি বলেন, ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।