১০ লাখ ইয়াবা বড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ থেকে ট্রলারে করে সমুদ্রপথে চট্টগ্রামে পাচারের সময় ১০ লাখ ইয়াবা বড়ি আটক করেছে র‍্যাব। এ ঘটনায় ট্রলারের চার মাঝিসহ আটজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, কক্সবাজার ও চট্টগ্রাম নগরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে র‍্যাব-৭। র‍্যাবের দাবি, আটক করা ইয়াবার দাম প্রায় ৪০ কোটি টাকা।

আটক আটজন হলেন ইয়াবার মালিক জয়নাল আবেদীন, ট্রলারের মালিক সৈয়দ আলম, তাঁদের সহযোগী রবিউল আলম ও মো. মফিজ এবং ট্রলারে থাকা চার মাঝি আবদুস সালাম, মো. শফিক, আবদুর রহিম ও মো. কামাল। কামাল নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন।

আজ বিকেলে নগরের পতেঙ্গায় র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার বড় বড় চালান চট্টগ্রামে আসছে। ‘এফভি ইমন’ নামে মাছ ধরার একটি ট্রলারে করে ইয়াবার বড় চালান আসছে, এমন খবর ছিল র‍্যাবের কাছে। এরই ভিত্তিতে ভোর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর অভিযান চালানো হয়। এ সময় ট্রলারটিকে আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর ইয়াবা বড়ি আটক করা হয়। পড়ে গণনা করে দেখা যায় এর পরিমাণ ১০ লাখ। আটক করা হয় ট্রলারে থাকা চার মাঝিকেও। তাঁদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের কলাতলী থেকে সকালে ইয়াবার মালিক জয়নাল আবেদীন ও ট্রলারের মালিক সৈয়দ আলম ও তাঁদের সহযোগী রবিউল আলমকে আটক করে র‍্যাবের কক্সবাজার ক্যাম্প। একই সঙ্গে তাঁদের আরেক সহযোগী ইসলাম মামুনকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের একটি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

মিফতাহ উদ্দিন আহমদ আরও জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত বছরের শেষ ১০ দিনে তাঁরা দুই চালানে ১০ লাখ এবং সাড়ে ৪ লাখ মোট সাড়ে ১৪ লাখ ইয়াবা বড়ি টেকনাফ থেকে চট্টগ্রামে পাচার করেছিলেন। গ্রেপ্তার জয়নাল আবেদীনের মামাতো ভাই মো. মফিজের জড়িত থাকার তথ্যও র‍্যাব পেয়েছে। তাঁকে ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মাদক আইনে মামলা করেছে র‍্যাব। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদ সম্মেলনে গ্রেপ্তার আট আসামিকে হাজির করা হলেও সংবাদকর্মীরা কথা বলতে পারেননি। সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক রুহুল আমিন, মো. আমিরুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।