১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে জমির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় ওই নির্মাণকাজের সঙ্গে জড়িত এক শ্রমিককে গুলি করা হয়েছে। গত রোববার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 আহত নির্মাণশ্রমিক মো. মিজান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় করা মামলায় গতকাল সোমবার ভোরে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. হান্নান, ওমর ফারুক ও মো. মিলন। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড গুলি, চারটি কিরিচ, তিনটি রামদা, রকেট লাঞ্চার শেলের ব্যবহৃত খোসা ও চাইনিজ কুড়াল।

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, আকবর শাহ থানার মীর আউলিয়া মাজারের উত্তর পার্শ্বে আবদুল্লাহ ফরহাদ নামের এক ব্যক্তি তার পৈতৃক জায়গায় সীমানা দেয়াল দিচ্ছিলেন। গত রোববার দুপুরে হান্নান তাঁর দলবল নিয়ে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আবদুল্লাহ ফরহাদের কাছে সেই খবর পাঠানো হলে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। কাজ শেষ করে যাওয়ার সময় নির্মাণশ্রমিক মিজানকে একা পেয়ে হান্নানের লোকজন পেটায়। একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে মিজানকে গুলি করা হয়। গুলি তাঁর পিঠে লাগে। এই ঘটনায় মিজানের ভাই আকবর হোসেন বাদী হয়ে মামলা করেন।