১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় জামিন পেলেন পুলিশ কনস্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

মামলার ভয় দেখিয়ে নবী হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জামিন পেয়েছেন এক ট্রাফিক পুলিশ কনস্টেবল (সাময়িক বরখাস্ত)। তাঁর নাম মো. মহিববুল্লাহ। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

গত মঙ্গলবার পাহাড়তলী থানায় নবী হোসেনের করা মামলায় মহিববুল্লাহসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আদালতে হাজির করা হলে ইয়াসিন আরাফাত, জাহিদ হোসেন ও রাশেদ হাসান ওই দিনই জামিনে মুক্তি পান। তাঁরা মহিববুল্লাহর সহযোগী।

মামলার এজাহারে বলা হয়, ১৬ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ব্যক্তিগত গাড়িতে করে চট্টগ্রাম আদালতে আসছিলেন নবী হোসেন। নগরের পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় ট্রাফিক কনস্টেবল মহিববুল্লাহ গাড়িটি থামিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। না হলে মামলায় ফাঁসানোর ভয় দেখান। পরে নবী হোসেন তাঁর কয়েকজন আত্মীয়ের মাধ্যমে বিকাশে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা দেন। বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে মহিববুল্লাহ ওই গাড়িতে বসে নগরের সিটি গেট পর্যন্ত আসেন।

পরে নবী হোসেনকে কুমিল্লায় চলে যেতে বলেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে মহিবুল্লাহসহ চারজনকে আসামি করে মঙ্গলবার পাহাড়তলী থানায় মামলা করেন।

জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার ট্রাফিক (পশ্চিম) তারেক আহমেদ প্রথম আলোকে বলেন, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ১৮ জানুয়ারি ট্রাফিক কনস্টেবল মহিববুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। আরও তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।