১০ লাখ টাকার বৈদ্যুতিক নকল তার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকা থেকে আজ সোমবার দুপুরে ১২০ কয়েল বিদ্যুতের নকল তার জব্দ করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নাজিমউদ্দিন রোডের স্যামসাং কেব্‌ল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানা থেকে এসব তার জব্দ করা হয়। 

এপিবিএন সূত্র জানায়, জব্দ হওয়া তারের মূল্য ১০ লাখ টাকা। নকল তার তৈরির অপরাধ স্বীকার করায় কারখানাটির ব্যবস্থাপক মোহাম্মদ হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম। পরে এসব তার ধ্বংস করা হয়।
এপিবিএন-৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, স্যামসাং কেব্‌ল ইন্ডাস্ট্রিজের কারাখানায় নিম্নমানের উপাদান ব্যবহার করে বিদ্যুতের তার তৈরি করে আসছিল। এসব তারে বিআরবি, প্যারাডাইস, সানসাইন, ইস্টার্ন কেব্‌ল কোম্পানির মনোগ্রাম ব্যবহার করে বাজারে বিক্রি করা হতো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম বলেন, নিম্নমানের এ সব তার ব্যবহারের কারণে যে কোনো সময় বিদ্যুতের ওভার লোড বা শর্টসার্কিটের সৃষ্টি হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে।