১০ হাজার ইয়াবার ব্যাগ ফেলে দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হ্নীলার নেচার পার্ক এলাকা থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসবে, এমন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযানে যায়। সেখানে গিয়ে হাতে ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে দেখতে পান বিজিবির সদস্যরা। তখন ওই ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দিলে তিনি ব্যাগটি ফেলে দৌড়ে পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, উদ্ধার ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।