১০ হাজার ইয়াবাসহ নারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ১০ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের রহমান নগর এলাকা তাঁকে আটক করা হয়। তাঁর নাম বাঁধন আকতার।
শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকার বাসিন্দা বাঁধন। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সকালে গোয়েন্দা পুলিশের একটি দল রহমান নগর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। বাঁধন আকতার ওই বাড়ির ভাড়াটে। অভিযানে তাঁর কাছ থেকে ১০ হাজার ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
আটক বাঁধনের স্বামীর নাম শাহিনুর রহমান জিতু। পুলিশ বলছে, জিতুও মাদক ব্যবসায়ী। তাঁরা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা বড়ি এনে বগুড়াসহ বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।