১০ হাজার চারা নষ্ট করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাকালুকিতে সৃজিত বনের প্রায় ১০ হাজার হিজল-করচের চারা নষ্ট করেছেন বিলের ইজারাদার। এ ছাড়া ইজারাদার বিলে বাঁধ দেওয়ায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানতে চাইলে হাকালুকির বালুজুড়ী বিলের ইজারাদার মো. নুরুল ইসলাম ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, ‘আমি বিলের উন্নয়নে বাঁধ দিচ্ছি। ছয় বছরের ইজারা। এত বড় বিল খনন করা যাবে না। বিলে পানির গভীরতা বাড়ানোর জন্য বাঁধ উঁচু করছি। চার কিলোমিটারের মতো বাঁধ দিয়েছি। এখানে যে বনায়ন আছে, সেটা জানা ছিল না। কিছু গাছ নষ্ট হয়েছে। আমি ক্ষতিপূরণ দিতে বাধ্য। আমিও বনায়ন চাই। কিন্তু সমন্বয় দরকার। যেদিকে বনায়ন, সেদিকে বাঁধ দেব না। আমি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) সরিয়ে নিয়েছি। এখন কোদাল দিয়ে মাটি কাটাব, যাতে গাছের কোনো ক্ষতি না হয়।’
বন বিভাগ সূত্রে জানা গেছে, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাকালুকি হাওরের হারানো প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে একটি প্রকল্প হাতে নেয়। এর আওতায় ২০১৫-১৬ অর্থবছরে হাওরের বড়লেখা উপজেলার হাল্লা ও কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মোট ৩০০ হেক্টর জমিতে সাড়ে সাত লাখ হিজল ও করচের চারা লাগানো হয়। চারা রক্ষণাবেক্ষণ ও বাগান সৃজনে ব্যয় হয় ৮০ লাখ টাকা। গত বছরের ডিসেম্বর মাসে এই প্রকল্পের কাজ শেষ হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হাল্লা বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা বনপ্রহরী মো. জয়নাল আবেদিন ২৩ ফেব্রুয়ারি বড়লেখা থানায় একটি জিডি করেন। এতে অভিযোগ করা হয়, হাওরের বালুজুড়ী ও পলোভাঙ্গা বিলের চারদিকে সৃজিত বাগানের একাংশের প্রায় ১০ হাজার চারা এক্সকাভেটর দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। বিলের বাঁধ নির্মাণের জন্য ইজারাদার নুরুল ইসলামের লোকজন ২২ ফেব্রুয়ারি গভীর রাতে এক্সকাভেটরটি বাগান এলাকায় নিয়ে আসেন। ২৩ ফেব্রুয়ারি ভোরে বাগান এলাকায় টহলে গিয়ে দেখা যায়, ওই বাগান নষ্ট করে মাঝ দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। নিষেধ করলেও তা শোনেননি।
জয়নাল আবেদিন জিডিতে আরও বলেন, বালুজুড়ী বিলের চারদিকে এভাবে বাঁধ নির্মাণ করা হলে বালুজুড়ী ও পলোভাঙ্গা বিলের চারদিকে সৃজিত ১৫০ হেক্টর বাগান ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বিলের পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে যাবে। ফলে বছরের অধিকাংশ সময় বিল এলাকা পানির নিচে থাকবে। তখন রোপিত চারাগুলো পানিতে তলিয়ে যাবে। এতে সরকারের আর্থিক ক্ষতি ছাড়াও এলাকার পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হবে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইজারাদার বিলের উন্নয়নের জন্য মাটি কাটছিল। এটা বন্ধ করে দিয়েছি। বলেছি, গাছ নষ্ট করা যাবে না।’
একই অভিযোগ করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়েছেন। ২৩ ফেব্রুয়ারি দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, চারদিকে কৃত্রিম বাঁধ নির্মাণ করে বিলের পানি নেমে যাওয়ার পথ বন্ধ করা ও বিলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা জলাভূমি সংরক্ষণ নীতিমালার পরিপন্থী।
তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এভাবে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করলে বিলের পানি কমবে না। হাওরের অধিকাংশ এলাকা এখন বছরে চার-পাঁচ মাস পানির নিচে থাকে। বাঁধের ফলে সারা বছর জলাবদ্ধতার সৃষ্টি হবে। সারা বছর পানির নিচে থাকলে গাছ বাঁচবে না।
বড়লেখার ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগ চিঠি দিয়েছে। বিষয়টি শুনেছি। দেখে, আলাপ-আলোচনা করে আমার পক্ষে যা যা করার সবকিছু করব।’