১০ হাজার টাকা না দেওয়ায় খুন
সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা বেগমের কাছে সবজির ব্যবসা করার জন্য ১০ হাজার টাকা চেয়েছিলেন তাঁর গৃহকর্মী কল্পনা আক্তারের ভাই সাঈদ হাওলাদার (১৮)। রওশন আরা ওই টাকা না দিয়ে সাঈদকে বকাঝকা করেন। এতে উত্তেজিত হয়ে সাঈদ ও তাঁর বন্ধু রিয়াজ রওশন আরা বেগমের গলায় ছুরি চালিয়ে তাঁকে হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় কল্পনাকেও তাঁরা একইভাবে হত্যা করেন।
রওশন আরা বেগম ও তাঁর গৃহকর্মী কল্পনা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সাঈদ হাওলাদার গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর।
আদালত সাঈদের জবানবন্দি নিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রওশন আরার স্বামী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার প্রয়াত আবদুল কুদ্দুস। গত মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীতে নিজ বাসায় খুন হন রওশন আরা ও তাঁর গৃহকর্মী কল্পনা।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, বুধবার রাতে পুলিশ শাহাজাহানপুরের সিএনজিচালিত একটি অটোরিকশার গ্যারেজ থেকে কল্পনার ভাইকে গ্রেপ্তার করে।
সাঈদকে গ্রেপ্তার বিষয়ে গতকাল দুপুরে মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম জানান, সাঈদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। রওশন আরার বাসায় গৃহকর্মীর কাজ করতেন সাঈদের মা লাকী আক্তার ও বোন কল্পনা।
ডিবির এই যুগ্ম কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ বলেছেন মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি বন্ধু রিয়াজকে নিয়ে ৫৬ উত্তর যাত্রাবাড়ীতে রওশন আরার বাসায় থাকা তাঁর মায়ের (লাকী আক্তার) সঙ্গে দেখা করতে যান। মা ও বোন ওই বাসায় থাকার কারণে সেখানে তিনি মাঝেমধ্যে যেতেন। পরে তাঁরা ওই বাসায় দুপুরের খাওয়া-দাওয়া করেন। মা তাঁদের বাসায় রেখে ডাক্তার দেখানোর কথা বলে বাইরে যান। তিনি ও তাঁর বন্ধু বসার ঘরে টিভি দেখতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির মালিক রওশন আরা বেগমের কাছে তিনি সবজির ব্যবসা করার জন্য ১০ হাজার টাকা চান। রওশন আরা টাকা দিতে অস্বীকার করেন এবং সাঈদকে বকাঝকা করেন। এতে তিনি উত্তেজিত হয়ে ওই বাসার অন্য একটি কক্ষ থেকে ধারালো ছুরি দিয়ে বন্ধু রিয়াজের সহায়তায় রওশন আরা বেগমের গলায় ছুরি চালিয়ে হত্যা করেন। এ সময় তাঁর বোন কল্পনা আক্তার এ ঘটনা দেখে চিৎকার দেওয়ার চেষ্টা করে। একই ছুরি দিয়ে রিয়াজের সহায়তায় তাঁর ছোট বোন কল্পনাকেও বসার ঘরে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁরা ওই বাসা থেকে ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান। পরে মোবাইল ফোন ও ল্যাপটপ গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনে ফুটপাতে বিক্রি করেন তাঁরা।
মনিরুল ইসলামের ভাষ্য, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সঙ্গে লাকী আক্তারসহ অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক রিয়াজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, রওশন আরার পাঁচ সন্তানই দেশের বাইরে থাকেন। কিছুদিন আগে ছেলেমেয়ের সঙ্গে দেখা করে দেশে ফেরেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ এবং ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।
জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর জানান, নিহত গৃহকর্মী কল্পনার মা লাকী আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে জোড়া খুনের মামলার সাক্ষী করা হতে পারে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই সন্তান আরিফুজ্জামান ও রুবি যুক্তরাষ্ট্র থেকে গতকাল দেশে ফিরেছেন।