১০ হাজার টাকার জন্য কিশোরকে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে পাওনা টাকা আদায়ে সবুজ চন্দ্র রায় (১৮) নামের এক কিশোরকে হত্যা করার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে হিলির শান্তির মোড় এলাকায় পাওনাদারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
সবুজ উপজেলার ছোট জালালপুর (নওনাপাড়া) গ্রামের গণেশ চন্দ্র রায়ের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সবুজের প্যান্টে পিন মারা অবস্থায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল, ‘বড় বৌদি, মা, বাবা ও দিদি, তোমরা ওকে আর টাকা দিও না। আমি বিদায় নিলাম। আমাকে তোমরা দোয়া করো।’
এ ঘটনায় সবুজের ভগ্নিপতি নৃপেন চন্দ্র রায় বাদী হয়ে গতকাল সোমবার থানায় পাওনাদার রাজীব হোসেন ও তাঁর বন্ধু জাহিদ হোসেনকে আসামি করে হত্যা মামলা করেছেন। রাজীব হোসেন পৌর শহরের রাজ্জাক হোসেনের ছেলে।
নৃপেন চন্দ্র রায় জানান, সবুজ শনিবার বিকেলে হিলি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান।
শনিবার রাত ১০টার দিকে রাজীব মুঠোফোনে ফোন করে জানান, কয়েক দিন আগে ভারত থেকে পুরোনো একটি মোটরসাইকেল কেনার জন্য সবুজের পরিচিত ভারতীয় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা দেন রাজীব। কিন্তু ওই ব্যক্তি মোটরসাইকেল না দিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন।
কিন্তু রাত একটার দিকে সবুজ মুঠোফোনে জানান, রাজীব পৌর শহরের শান্তির মোড়ে একটি দোকানে তাঁকে আটকে রেখেছেন। রাতের মধ্যে রাজীবকে ১০ হাজার টাকা না দিলে তাঁকে মেরে ফেলা হবে।
রোববার ভোরে নৃপেন টাকা নিয়ে রাজীবের বাসায় যান। এ সময় রাজীব সেখান থেকে পালিয়ে যান।
পরে থানায় জানালে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে দোকানের দরজা ভেঙে সবুজের ঝুলন্ত লাশ উদ্ধার করে।