১০টার মধ্যেই ভোট শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট শুরুর পরপরই আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী–সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করে ​ব্যালটে সিল মারেন। ভয়ে ভোটারশূন্য হয়ে যায় কেন্দ্র। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহরী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সকাল ১০টার দিকে তোলা ছবি l প্রথম আলো
ভোট শুরুর পরপরই আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী–সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করে ​ব্যালটে সিল মারেন। ভয়ে ভোটারশূন্য হয়ে যায় কেন্দ্র। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহরী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সকাল ১০টার দিকে তোলা ছবি l প্রথম আলো

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গতকাল শনিবার অনুষ্ঠিত উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা সকাল ১০টার মধ্যেই একটি ভোটকেন্দ্র দখল করে নেন বলে অভিযোগ উঠেছে। এসব কর্মী ওই কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে ভোট জালিয়াতি করেন। সকাল ১০টার পর ওই কেন্দ্র ছিল ফাঁকা।
এটি ওই ইউনিয়নের বহুরী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র। গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে সেখানে গিয়ে দেখা যায়, কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে। আশপাশ ফাঁকা, জনশূন্য। অনেক দূরে একটি জটলায় দাঁড়ানো ওই এলাকার ভোটার মেহেদী হাসান, মো. ইউছুফ ও মো. সুমন বলেন, সকাল নয়টার মধ্যেই সেখানে সব ভোট দেওয়া হয়ে গেছে। আওয়ামী লীগের লোকেরা কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারেন। বিএনপির কর্মী ও এজেন্টদের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়। আতঙ্কে ভোটাররা বাড়ি চলে গেছেন। তাঁরাও ভোট দিতে পারেননি।
কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার নেই। দু-তিনটি বুথে আওয়ামী লীগের কর্মীরা নৌকা মার্কায় সিল মারছেন। কোনো বুথেই বিএনপি প্রার্থীর এজেন্ট নেই। পোলিং কর্মকর্তারা বসে গল্প করছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, তাঁর কেন্দ্রে ভোটার ১ হাজার ৭৩০। সকাল নয়টার মধ্যেই প্রায় ১ হাজার ভোট পড়েছে। অসুস্থ থাকায় এর বেশি কিছু তিনি বলতে পারবেন না বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে তিন-চারজন পোলিং কর্মকর্তা বলেন, এখানে ‘ভোট’ চলছে, ভোটার নেই।
ওই ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী শামীম হোসেন মিয়াজীর অভিযোগ, ওই কেন্দ্র থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শহীদ উল্লাহ প্রধানের কর্মীরা তাঁর এজেন্টদের বের করে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারেন। সকাল ১০টার মধ্যেই কেন্দ্র দখল করে নেন তাঁরা। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
মো. শহীদ উল্লাহ প্রধান দাবি করেন, তাঁর কর্মীরা কেন্দ্র দখল করেননি। বিএনপির কাউকে বের করেও দেননি। সেখানে সুষ্ঠু ভোট চলছে।
ওই ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, কিছু অনিয়মের অভিযোগ পেয়েছেন। লোক পাঠানোর পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।