১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর মাজার রোডের একটি গ্যারেজ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় আটক দুই মোটরসাইকেল চোরের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মিরপুরের বড়বাগ এলাকা থেকে মিজানুর রহমান নামের এক ব্যক্তির ইয়ামাহা ফ্রেজার মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিল দুই চোর। এ সময় আশপাশের লোকজন তাদের ধাওয়া করে। মিরপুরের দারুস সালাম রোডের তানিম ভবনের সামনে থেকে মোটরসাইকেলসহ শোয়েব রহমান ও সুমন নামে দুজনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই দুজন মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের তথ্যের ভিত্তিতে থানা-পুলিশ মিরপুর মাজার রোডের তুহিনের গ্যারেজে অভিযান চালিয়ে আরও ১০টি মোটরসাইকেল উদ্ধার করে। এই চক্রটি মিরপুর থানাসহ ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, পুরো চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করবে পুলিশ। এ জন্য ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে মোটরসাইকেল ও ব্যক্তিগত ছোট গাড়ি চুরির ঘটনা বেড়ে গেছে। পুলিশ ইতিমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় এই সংঘবদ্ধ গাড়িচোরদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানী থেকে এসব চোরাই মোটরসাইকেল ও গাড়ি রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে। ঢাকায় এ রকম শতাধিক চক্র সক্রিয় রয়েছে।