১০টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছাত্রলীগের কর্মীরা গতকাল শনিবার একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁরা ১০টি ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন।
উপজেলা ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে শিল্পকলা একাডেমিতে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক স্বপন মিয়ার সঙ্গে যমুনা মেডিকেল সেন্টারের মনি মিয়া (২৩) ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সুজন মিয়ার (২২) কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে গতকাল শনিবার বেলা একটায় পৌরসভা কার্যালয়ের পাশে সুজন ও মনি ছাত্রলীগ নেতা স্বপন মিয়াকে মারধর করেন। খবর পেয়ে ছাত্রলীগ নেতার অনুসারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত যমুনা মেডিকেল সেন্টারের মালিক গোলাম আব্বাসকে লাঞ্ছিত করেন। গোলাম আব্বাস বলেন, ‘ছাত্রলীগ নেতার অনুসারীরা আমাকে লাঞ্ছিত করে এবং আমার ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছে।’
স্বপন মিয়া বলেন, তাঁকে সুজন ও মনি মিয়া অন্যায়ভাবে মারধর করেছেন। তাই তাঁর অনুসারীদের সঙ্গে গোলাম আব্বাসের কথা-কাটাকাটি হয়েছে।
পরে ওই নেতার অনুসারীরা আশপাশের ১০টি ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়ে যান। তালা না খুলতে তাঁরা নানা হুমকিও দেন। গতকাল রাত আটটা পর্যন্ত তালা খোলা হয়নি। তালা লাগানোর সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বের হয়ে ছুটোছুটি করতে থাকে।
এদিকে, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগে পড়তে হয়েছে। মুলবাড়ি গ্রামের রোগী আবুল কালাম (৫২) বলেন, ‘ডাক্তার না বসায় ভাঙা হাত নিয়ে সারা দিন বইসে থাইকে এহন চইলে যাইতেছি।’
উপজেলা ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা স্বপন মিয়া ও তাঁর সমর্থকেরা এক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে লাঞ্ছিত করেন এবং ১০টি সেন্টার ও ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।