বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে চট্টগ্রামে ওয়ার্ড আ.লীগের চিঠি!
১০টি ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুর
চট্টগ্রাম নগরের লালখান বাজারের হাইওয়ে প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনের অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচিতিফলক (সাইনবোর্ড) ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের ২০-২৫ জন কর্মী এসব সাইনবোর্ড ভাঙচুর করেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালিকেরা।
হাইওয়ে প্লাজা শপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সাইনবোর্ডে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গত ২৫ ফেব্রুয়ারি চিঠি দেয় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ। এতে সুপারিশ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ।
অ্যাসোসিয়েশনের অন্তত তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২০-২৫ যুবক রড ও হাতুড়ি নিয়ে এসে অতর্কিতভাবে সাইনবোর্ড ভাঙচুর করেন।
ওয়ার্ড আওয়ামী লীগ এ ধরনের চিঠি দিতে পারে না বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কেবল এ ধরনের নোটিশ দিতে পারে।
ভাঙচুরের সঙ্গে জড়িত যুবকেরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওরফে মাসুমের অনুসারী বলে জানান ব্যবসায়ী নেতারা। তাঁরা প্রথম আলোকে বলেন, দোকানের নামফলক ও সাইনবোর্ডে কী ভাষা ব্যবহার করা হবে, তা নির্ধারণ করবে সিটি করপোরেশন। কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বারবার এ নিয়ে চাপ দিচ্ছিলেন।
লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, সাইনবোর্ড ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরের সুপারিশ নিয়েই তাঁরা চিঠি দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাইওয়ে প্লাজার নিচতলার বাটা, ফ্যাশন অ্যান্ড ফাইন, টোটাল টেলিকম ও মাসুদ’স এন্টারটেইনমেন্ট সলিউশনসহ কয়েকটি প্রতিষ্ঠানের ভাঙচুর করা সাইনবোর্ড পড়ে আছে।
লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমেদ ওই চিঠিতে সুপারিশ করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণ হয়, এই রকম কাজ করতে বাধা কোথায়?’
সাইনবোর্ড ভাঙচুরের বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁরা পাননি।