শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরে বাসে অভিযান চালিয়ে ১০০ ড্রাম গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল আটটার দিকে উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে থেকে রেণু পোনাগুলো উদ্ধার করা হয়।
এ সময় রেণু পাচারের সঙ্গে জড়িত নয় ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ওই রেণুর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। পরে সেগুলো ভেদরগঞ্জের পদ্মার শাখা নদীতে অবমুক্ত করা হয়।
সাউদিয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে বাগেরহাটে নেওয়া হচ্ছিল গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা। শরীয়তপুরে ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা সদরের ওপর দিয়ে প্রতিনিয়ত চিংড়ির রেণু পোনা পাচার করা হয়। গত দুই মাসে মৎস্য বিভাগ আটবার অভিযান চালিয়ে চিংড়ির রেণু পোনা উদ্ধার করেছে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাকৃতিক জলাধার সাগর, নদী, খাল ও বিল থেকে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা শিকার করা নিষিদ্ধ। একটি চক্র বঙ্গোপসাগরের চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলে চিংড়ির রেণু পোনা শিকার করে। ওই রেণু পোনাগুলো খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন চিংড়ির খামারে বিক্রি করা হয়। শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাট ও গোসাইরহাট উপজেলার পট্টি লঞ্চঘাট দিয়ে প্রতিনিয়ত এ রেণু পোনাগুলো খুলনা-বাগেরহাট এলাকায় পাচার করা হয়।
গত দুই মাসে ভেদরগঞ্জ ও গোসাইরহাটে আটবার অভিযান চালিয়ে রেণু পোনা উদ্ধার করা হয়।
গোসাইরহাট উপজেলার পট্টি ঘাট দিয়ে চিংড়ির রেণু পোনা বাগেরহাটের চিতলমারী এলাকার খামারে বিক্রি করেন আবু বকর নামে এক ব্যবসায়ী। তিনি প্রথম আলোকে বলেন, খামারের মালিকেরা কোটি কোটি টাকা খামারে বিনিয়োগ করেছেন। উপকূলীয় অঞ্চলের রেণু খামারে চাষ করলে ব্যবসা ভালো হয়। তাই সাগরের রেণু জেলেরা ধরে বিক্রি করছেন। নৌপথে রেণু পোনা পট্টি ঘাটে আনা হয়, তারপর সড়কপথে সেগুলো চিংড়ির খামারে পাঠানো হয়।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির রেণু পোনা শিকার করা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা উপকূলীয় অঞ্চল থেকে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা ধরেছন। একটি চক্র ওই রেণু পোনা চিংড়ির খামারে বিক্রি করছে। সেগুলো খামারে পৌঁছানোর জন্য শরীয়তপুরের দুটি ঘাট ব্যবহার করছে। নিবন্ধিত হ্যাচারিতে রেণু পোনা উৎপাদন করে তা চিংড়ির খামারে চাষ করার কথা। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির রেণু ধরার কারণে ২০-২৫ প্রজাতি মাছের রেণু ধ্বংস হচ্ছে।