১০০ ভরি সোনাসহ রেলযাত্রী আটক
চাঁদপুর রেলওয়ের বড় স্টেশনে এক শ ভরি সোনাসহ মৃদুল চন্দ্র ধর (৪০) নামে এক রেলযাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে তাঁকে আটক করা হয়।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন মৃদুল। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠানের ভাষ্য, গোপন সূত্রে সোনা চোরাচালানের খবর পেয়ে জিআরপি থানার পুলিশ সদস্যরা বড় স্টেশনের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। আন্তনগর ট্রেনটি স্টেশনে পৌঁছালে পর্যায়ক্রমে যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় মৃদুল চন্দ্রের সঙ্গে থাকা ব্যাগের মধ্যে ১০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ ভরি।
ওসমান গণি পাঠান আরও বলেন, মৃদুল সোনাগুলো ঢাকায় পাচারের জন্য চট্টগ্রাম থেকে চাঁদপুরে নিয়ে আসেন। এসব সোনা নিয়ে রাতেই চাঁদপুর থেকে লঞ্চে করে তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫ (বি) বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় মামলা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।