১০০০ টাকার পাঞ্জাবি হয়ে গেল ৩৫০০
ঢাকার পাইকারি বাজার থেকে পোশাক কিনে দু-তিন গুণ বেশি দামে বিক্রি করায় চট্টগ্রামের টেরিবাজারের কাপড় ব্যবসায়ীদের সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার চট্টগ্রামের সবচেয়ে বড় এই পাইকারি ও খুচরা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ঢাকার উর্দু রোডে যে পাঞ্জাবির পাইকারি দাম ছিল এক হাজার টাকা, সেটি চট্টগ্রাম নগরের টেরিবাজারের মেগামার্ট নামের একটি দোকানে বিক্রি হচ্ছিল সাড়ে তিন হাজার টাকায়। অভিযানকালে অতিরিক্ত মুনাফা আদায়ের এ চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। তবে প্রথমবারের মতো অভিযান হওয়ায় মেগামার্টসহ ছয়টি দোকানের বিক্রেতাদের দণ্ড না দিয়ে শুধু সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার মোট নয়টি দোকানে অভিযান চালানো হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট টেরিবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে বাজারের বিক্রেতাদের কাপড়ের দাম সহনীয় পর্যায়ে রেখে বিক্রির নির্দেশনা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি দোকানে দেখা গেছে দ্বিগুণ-তিন গুণ লাভে কাপড় বিক্রি করা হচ্ছে। অবশ্য কেউ কেউ যৌক্তিক মূল্যে কাপড় বিক্রি করছেন। প্রথমবার অভিযান বলে সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এই বাজারে আবারও অভিযান চালানো হবে। তখন কাউকে ছাড় দেওয়া হবে না।’
এদিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্যতালিকা না থাকায় চারটি ওষুধের দোকান ও দুটি বাজারের ছয় বিক্রেতাকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে চারটি ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় নগরের আতুরার ডিপো বাজারে পাঁচ বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম। এ ছাড়া পাহাড়তলী বাজারে মূল্যতালিকা না টানানোয় এক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান।