১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার
প্রিমিয়ার ব্যাংকের খুলনা শাখার ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের খালিশপুর চিত্রালী বাজার এলাকায় অবস্থিত ওই ব্যবসায়ীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম মো. মজিবর রহমান খান। তিনি মেসার্স মজিবর রহমান খান নামের একটি প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি মূলত আমদানি-রপ্তানির ব্যবসা করে এবং খুলনার সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
দুদক সূত্র জানায়, মজিবর রহমান ২০১২ সালের জানুয়ারি মাসে প্রিমিয়ার ব্যাংকের খুলনা শাখা থেকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে ৭৬ কোটি ৯২ লাখ ১৫ হাজার ২৩৪ টাকা ঋণ নিয়ে কানাডা থেকে গম আমদানি করেন। ওই গম বিক্রি করে তিনি কিছু টাকা পরিশোধও করেন। ব্যাংকের কাছে দেনা থাকে ৩৮ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার ৮৯২ টাকা। গত কয়েক বছরে ওই টাকার শুধু সুদ হয় ৬৩ কোটি সাত লাখ টাকা। বর্তমানে ওই ব্যবসায়ীর কাছে সুদসহ ব্যাংকের পাওনা রয়েছে ১০২ কোটি টাকারও বেশি।
ওই পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ করে। দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযোগ অনুসন্ধানের জন্য চলতি বছরের জুন মাসে তা খুলনায় পাঠানো হয়। খুলনা অফিস অনুসন্ধান করে অভিযোগের প্রমাণ পাওয়ায় মজিবর রহমানকে গ্রেপ্তার করে।
এ অভিযোগের অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মজিবর রহমান যেন পালিয়ে যেতে না পারেন এ কারণে দুদক আইনের ২০ ধারায় দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ দণ্ডবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।