১০২ বোতল মদসহ একজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ১০২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাবের একটি দল। এ সময় আবদুর রাব্বি হাসান (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব।
র্যাব–১ সূত্র জানায়, র্যাবের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে তৎপরতা চালিয়ে আসছে। দলটি জানতে পারে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে গতকাল রাতে মাদক ব্যবসায়ী আবদুর রাব্বি হাসানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০২ বোতল বিদেশি মদ ও ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে দুটি মোবাইল ও মাদক বিক্রির চার হাজার টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, রাব্বি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বাসায় গার্মেন্টস ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে উত্তরাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছেন। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন ও সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন। র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।