কক্সবাজারের রামু উপজেলার সরকারি রাবার বাগানের প্রায় ৩০০ একর ভূমি (বাগান) দখল করে ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা তৈরি করছেন ১০৩ জন প্রভাবশালী। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ৪৩ বছর ধরে রামুর দুই হাজার ১৩১ একর বনভূমিতে রাবার বাগান করে আসছে।
বর্তমানে এই বাগানের এক লাখ ৫৬ হাজার গাছের মধ্যে ৯৯ হাজার ১৮০টিতে রাবার তৈরির রস উৎপাদিত হচ্ছে।
রাবার বাগানের উপব্যবস্থাপক মো. আইয়ুব আলী বলেন, ‘১০৩ প্রভাবশালী দখলদারের উচ্ছেদের জন্য আমরা নানা চেষ্টা চালাচ্ছি। রামু থানায় দখলদারদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। কিন্তু বেদখলে চলে যাওয়া বনভূমি উদ্ধার করা যাচ্ছে না।’
দখল তালিকার প্রথমে আছেন উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়ার এজাহার মিয়া। তিনি রাবার বাগানের প্রায় ২৫ একর দখল করে বিভিন্ন লোকজনকে দখল স্বত্ব বিক্রি করছেন। ওই জমিতে ১৫টির বেশি ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে।
এ প্রসঙ্গে এজাহার মিয়া বলেন, এই জমি তাঁর ব্যক্তিমালিকাধীন। কিন্তু রাবার বাগান কর্তৃপক্ষ নানা অজুহাতে ওই জমি তাদের দাবি করছে।
এ ছাড়া ২৫ একর রাবার বাগান দখল করে নানা স্থাপনা তৈরি করেছেন উত্তর মিঠাছড়ির ইয়াছিন আলী। স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরীর দখলে রয়েছে আরও ৩০ একর।
মাহবুবুর রহমান চৌধুরী ও ইয়াছিন আলী বলেন, এ জমি তাঁরা দখল করেননি। যুগ যুগ ধরে তাঁদের ব্যক্তিগত এই জমিতে বনায়ন করে এলাকার মানুষ মাথাগোঁজার ঠাই করে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাবার বাগানের কয়েকজন কর্মচারী বলেন, দখলদারেরা এলাকার প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করা যাচ্ছে না। ঘরবাড়ি উচ্ছেদ করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দেয়। তা ছাড়া বিশাল বাগানের সীমানাও নেই। তাই প্রতিনিয়ত জমি দখলের ঘটনা ঘটছে।
বন ও পরিবেশমন্ত্রী বরাবরে প্রেরিত ওই তালিকায় ১০৩ জন দখলদারের নামে ২৯৬ একর জমি বেদখলে থাকার কথা তুলে ধরা হয়।
তালিকায় রয়েছে গর্জনিয়াপাড়ার মমতাজ আহমদের নামে ২০ একর, উত্তর মিঠাছড়ির মো. আলমের নামে ২৫ একর, মালাপাড়ার মোজাহের মিয়ার নামে পাঁচ একর, নোয়াপাড়ার রমজান আলীর নামে চার একর, ছালামত উল্লাহর নামে পাঁচ একর, মোহাম্মদ হোছন আলীর নামে তিন একর ও চরপাড়ার গোলাম কবিরের নামে তিন একর।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আহমেদ ভুইয়া বলেন, তিনি যোগদানের পর থেকে রাবার বাগান দখলদারদের কোনো তালিকা পাননি। এ ব্যাপারে কেউ সহযোগিতা চাইলে পুলিশ প্রস্তুত আছে।