১০৫০ কেজি ভিজিএফর চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক হাজার পঞ্চাশ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার এক নম্বর বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মুদি ব্যবসায়ী জাফর মোল্লার বাড়ি থেকে ওই চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে অফিস সহকারী মো. জামাল উদ্দীন এ চাল জব্দ করেন। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য গুদাম’ সিলমোহরকৃত একুশটি বস্তায় (প্রতি বস্তায় ৫০ কেজি করে) সর্বমোট এক হাজার পঞ্চাশ কেজি চাল রয়েছে। জব্দ করা চাল ওই গ্রামের হোসেন আলী চৌকিদার ও বাড়ির মালিকের স্ত্রী রেখা বেগমের জিম্মায় রাখা হয়েছে।
রেখা বেগম বলেন, গত মঙ্গলবার (৫ জুলাই) খুব ভোরে সড়ারকান্দী গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো. হমায়ুন কবির, হেলেঞ্চা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো. আবুল বাশার ও ইউপি চেয়ারম্যানের নিরাপত্তারক্ষী হিসেবে পরিচিত শেলমারি গ্রামের স্বাধীন শেখ ওই চাল তাদের বাড়িতে রেখে যায়।
এলাকাবাসীরা জানায়, আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হমায়ুন কবির দুই বছর আগে ভিজিএফের চাল চুরির দায়ে জেল খেটেছেন ও সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল বাশার চুরির দায়ে গত বছর ৩৫ মণ চাল ভর্তুকি দিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘ভিজিএফের চাল জব্দ করার কোনো কথা আমার জানা নেই।’
ইউপি সদস্য হুমায়ুন করীর প্রথম আলোকে বলেন, চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান। তিনি সবাইকে ওজনে কম দিয়েছেন। যে চাল বেচে গেছে তা তিনি স্থানীয় মুদি ব্যবসায়ী জাফর মোল্লার কাছে বিক্রি করছেন। এ ব্যাপারে আমার কোনো ভূমিকা ছিল না।
বুরাইচ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহাব পান্নু মিয়া প্রথম আলোকে বলেন, ইউনিয়নের এক হাজার ২৮০ জন দরিদ্র ব্যক্তির নামে এ চালের বরাদ্দ পাওয়া যায়। ১ জুলাই সে চাল বিতরণ করে দেওয়া হয়। চাল বিতরণে অনিয়ম হয়নি—দাবি করে তিনি বলেন, অনেকে চাল পাওয়ার পর তা বিক্রি করে দেন। জব্দ করা চাল সেই বিক্রির চাল হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোহাম্মদ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, সংবাদ পেয়ে অফিস সহকারী মো. জামাল উদ্দীনকে ঘটনাস্থলে পাঠিয়ে চাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, ঈদুল ফিতরের পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।