১১ কোটি টাকা দামের দুটি গাড়ি জব্দ
শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রামে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরের আমিরবাগে এক ব্যবসায়ীর বাড়ি থেকে একটি এবং অলংকার মোড়ে একটি পেট্রলপাম্প থেকে আরেকটি গাড়ি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান আজ সোমবার আগ্রাবাদে সংস্থার চট্টগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ পর্যন্ত শুল্ক ফাঁকির অভিযোগে ৩১টি গাড়ি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
মইনুল খান বলেন, প্রাথমিক অনুসন্ধানে জেনেছি, পর্যটকদের জন্য শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা ‘কারনেট দ্য প্যাসেজ’ ব্যবহার করে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে এই গাড়ি দুটি আনা হয়েছে। ২০১৩ সালের পর বন্ধ হয়ে যাওয়া এই সুবিধায় আওতায় কোনো গাড়ি আনা হলে নির্ধারিত সময়ে ফেরত নেওয়ার বিধান ছিল। তবে শুল্ক-কর পরিশোধ করে দেশে ব্যবহারের সুযোগ ছিল। ফেরত না নেওয়ায় দুটি গাড়ির ক্ষেত্রে শুল্ক-কর পরিশোধ হয়নি। ফলে গাড়ি দুটি ব্যবহারের সুযোগ নেই।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আমিরবাগের এক ব্যবসায়ীর বাড়ি থেকে জব্দ করা ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের গাড়িটি ২০০২ মডেলের। যুক্তরাজ্যের তৈরি এই গাড়িটির শুল্ক-করসহ দাম পড়ে পাঁচ কোটি টাকা।
অন্যদিকে অলংকার মোড়ে একটি পেট্রলপাম্প থেকে জব্দ করা গাড়িটি পোরশে ব্র্যান্ডের। জার্মানির তৈরি ২০০৪ সালের এই গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি সাড়ে চার হাজার। দাম ছয় কোটি টাকা।
মইনুল খান বলেন, গত কয়েক দিনের ব্যবধানে গাড়ি দুটি উদ্ধার করা হয়। গাড়ি দুটি জব্দ করার সময় গাড়িমালিক বা তাঁদের প্রতিনিধিরা বৈধ নিবন্ধন বা আমদানি–সংক্রান্ত তথ্য দেখাতে পারেননি। গাড়ি দুটি দুজন ব্যবসায়ী ব্যবহার করতেন। তদন্ত শেষ হওয়ার পরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।