১১ ঘণ্টা ঘেরাও, চার জঙ্গির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার চৌরাপাড়া গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ১১ ঘণ্টা ঘিরে রাখার পর সন্দেহভাজন চার জঙ্গি আত্মসমর্পণ করেছে র‍্যাবের কাছে।

র‌্যাব বলছে, তারা জঙ্গি সংগঠন ‘জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের’ সদস্য। নাম মোজাম্মেল হক, রাশিদুন্নবী, ইরফানুল ইসলাম ও আলমগীর হোসেন।

র‍্যাব জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে র‍্যাব বাড়ি ঘেরাও করে। রাত তিনটার দিকে জঙ্গিরা বাড়ির ভেতর থেকে গুলি করে। এরপর বেশ কয়েক দফায় তারা গুলি করে এবং বেশ কয়েকটি বোমার (আইইডি) বিস্ফোরণ ঘটায়। র‌্যাব সদস্যরা গতকাল রোববার দুপুর ১২টার মধ্যে সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেন। আধা ঘণ্টা আগে র‌্যাব সদস্যরা ফাঁকা গুলি করেন (ওয়ার্নিং শট)। ১১টা ৫০ মিনিটে প্রথম একজন আত্মসমর্পণ করে বেরিয়ে আসে। এরপর তাকে দিয়েই অন্যদের আত্মসমর্পণ করানোর আলোচনা শুরু হয়। এরপর বেলা ১টার মধ্যে বাকি তিনজন আত্মসমর্পণ করে। ২টার দিকে তাদের কালো কাচের মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, জঙ্গিদের জীবিত ধরতে অভিযান দীর্ঘায়িত হয়েছে। প্রথম থেকেই র‌্যাবের প্রচেষ্টা ছিল জঙ্গিদের জীবিত ধরার। তিনি জানান, ওই বাড়িতে পড়ে থাকা চারটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়ক ধরে নবীনগর পার হয়ে কয়েক কিলোমিটার গেলে নয়ারহাট বাজার। এই বাজার থেকে দুই কিলোমিটার আঁকাবাঁকা পথ ধরে যাওয়ার পর চৌরাপাড়া গ্রাম। এখানেই ডিশ ব্যবসায়ী মো. ইব্রাহিমের টিনশেড বাসায় মাসখানেক আগে পোশাক কারখানার কর্মী পরিচয়ে আড়াই হাজার টাকায় ভাড়া নেয় চারজন। তিনটি কক্ষের মধ্যে দুটি ভাড়া দেওয়া হয়েছিল। আরেকটিতে নির্মাণাধীন বাড়িটির নানা উপকরণ রাখা হয়েছিল। বাড়িটির চারদিকেই খোলা প্রান্তর ও জলাভূমি।

চৌরাপাড়া গ্রামের বাসিন্দা সাগর হোসেন প্রথম আলোকে বলেন, দুই বছর আগে বাড়িটি তৈরি হয়। এর মালিক ইব্রাহিম থাকেন আশুলিয়ার ডেন্ডাবরে। পাঁচ মাস আগে বাড়িটি প্রথম ভাড়া দেওয়া হয়। একজন পুরুষ, কয়েকজন নারী ও শিশু তখন ওই বাড়িতে থাকত। তারা ঝুট কাপড় দিয়ে ঝুড়ি বানাত। মাস দেড়েক আগে তারা চলে যায়। এরপর নতুন ভাড়াটে আসে। তাদের কখনোই বের হতে দেখা যায়নি।

গত বৃহস্পতিবার এই বাড়িতে একজন লোককে ভ্যানে করে কিছু আসবাব নিয়ে আসতে দেখেছেন বলে দাবি করেন স্থানীয় মেহেদি হাসান। তিনি বলেন, এসব আসবাব দিয়ে কী হবে জানতে চাইলে লোকটি বলে, এখানে এনজিও
অফিস খোলা হবে। ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। তবে প্রায় দেড় মাস ধরে বাড়িটি সব সময় বাইরের দিক থেকে তালা মারা থাকত। তবে এর ভেতরের দিক দিয়েও চলাচল করা যায়।

ওই এলাকার বাসিন্দা পোশাককর্মী শাকিলসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, গতকাল সকাল থেকে থেমে থেমে গুলি ও বোমার শব্দ শুনেছেন। সকাল আটটার দিকে একসঙ্গে বেশ কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শোনেন। হ্যান্ডমাইকে র‌্যাব সদস্যদের জঙ্গিদের উদ্দেশে কথা বলতেও শুনেছেন তাঁরা।

তবে এসবই গ্রামবাসী ও গণমাধ্যমকে দেখতে বা শুনতে হয়েছে বাড়িটি থেকে এক কিলোমিটার দূর থেকে।

আটক চারজনের মধ্যে তিনজন বয়সে তরুণ। বেলা দুইটার দিকে তিন তরুণকে হাতকড়া লাগিয়ে ওই বাড়ি থেকে বর করতে দেখা যায়। একজনের গলায় তখন একটি পোশাক কারখানার পরিচয়পত্র ঝুলছিল। একজন তুলনামূলক মধ্যবয়স্ক। তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট পরিয়ে ওই বাড়ি থেকে বের করা হয়।

বেলা দুইটায় অভিযান শেষ করার পরপর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ ব্রিফিং করেন। এ সময় অভিযান পরিচালনাকারী র‌্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবীর ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল লতিফ আনোয়ার খানও ছিলেন।

মুফতি মাহমুদ খান বলেন, গত এপ্রিলের শেষে তামিম নামের এক জঙ্গিকে আটক করে র‌্যাব। এই তামিম জঙ্গিনেতা তামিম চৌধুরীর সহযোগী ছিল। সে বিভিন্ন সময় ওই তামিম চৌধুরীকে নানাভাবে সহায়তা দিয়েছিল। এই তামিমের কাছ থেকে আশুলিয়ার জঙ্গি আস্তানার তথ্য পায় র‍্যাব।

পুলিশকে ঢুকতে দেয়নি র‍্যাব

ওই অভিযান চলাকালে গতকাল বেলা নয়টার দিকে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, খোরশেদ আলম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ। তাঁদের ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ব্যারিকেডে আটকে দেয় র‍্যাব। যেখানে সকাল থেকেই গণমাধ্যমকর্মীরা অবস্থান করছিলেন।

ব্যারিকেডে দায়িত্বে থাকা র‌্যাব সদস্যরা পুলিশ কর্মকর্তাদের পরিচয় পেয়ে বলেন, ‘আমাদের বলছে র‌্যাব ছাড়া আর কাউকেই ঢুকতে দেওয়া যাবে না।’

এরপর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম একটু দূরে দাঁড়িয়ে থাকা র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খানকে বলেন, ‘স্যার, আমরা কি আপনাদের সহযোগিতা করব না।’ তখন অতিরিক্ত মহাপরিচালক র‌্যাব-৪-এর পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন। এরপর খোরশেদ আলম মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। ঘণ্টাখানেক সেখানে থেকে পুলিশের দলটি চলে যায়।

তখন খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘পুলিশেরই একটা ইউনিট র‌্যাব। হয়তো কৌশলগত কোনো কারণে এমনটি হচ্ছে।’ এরপর বেলা সাড়ে ১১টার দিকে এক পরিদর্শকের নেতৃত্বে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সেখানে যায়। তাদেরও ঢুকতে দেওয়া হয়নি।