১১ ঘণ্টা পর কাভার্ড ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে পোশাক তৈরির কাঁচামালসহ কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ডাকাতির ঘটনার প্রায় ১১ ঘণ্টা পর বিকেল চারটার দিকে নগরের টেরিবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নুরুল ইসলাম ওরফে খোকন ও আজাদ হোসেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, যশোরের বেনাপোল থেকে পোশাক তৈরির কাঁচামালভর্তি একটি কাভার্ড ভ্যান গতকাল ভোর চারটার দিকে নগরের নিমতলা এলাকায় এসে পৌঁছায়। এ সময় সাত-আটজনের একটি ডাকাত দল মাইক্রোবাসে করে এসে ডিবি পরিচয়ে কাভার্ড ভ্যানটির পথ রোধ করে। এরপর গাড়ির চালক, চালকের সহকারী ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধিকে জিম্মি করে কাভার্ড ভ্যানটি নিয়ে যায়। আর ওই তিনজনকে মাইক্রোবাসে তুলে নেয় ডাকাতেরা। পথে কৌশলে কাভার্ড ভ্যানের চালক মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। তিনি থানায় এসে ডাকাতির বিষয়টি জানান।
ওসি মহিউদ্দিন সেলিম বলেন, কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। হালিশহর থেকে চালকের সহকারী ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিকে উদ্ধার করা হয়। পরে বায়েজীদের রৌফাবাদ কলোনি এলাকা থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির ঘটনায় টেরিবাজার থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা সূত্র জানায়, নগরের কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানার জন্য ভারত থেকে কাঁচামাল নিয়ে আসা হচ্ছিল। কাভার্ড ভ্যানে প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য ছিল। এ ব্যাপারে বন্দর থানায় ডাকাতির মামলা হয়েছে।