১১ চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
প্রতীক বরাদ্দের আগেই পত্রিকায় প্রতীকসহ বিজ্ঞাপণ প্রচার করায় চাঁদপুরের হাজীগঞ্জে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই আজ বুধবার তাঁদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শোকজ নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন বাকিলা ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান ও আওয়ামী লীগ প্রার্থী মো. মাহফুজুর রহমান পাটওয়ারী, কালচোঁ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. মানিক হোসেন প্রধানিয়া, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু নছর মিন্টু পাটওয়ারী ও স্বতন্ত্র প্রার্থী মো. কলিম উল্যাহ ভূইয়া, হাটিলা পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ প্রধানিয়া, হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন লিটু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জসিম উদ্দিন মুন্সী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী আলী আকবর শেখ, গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. বিল্লাল হোসাইন ও আওয়ামী লীগ প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে বাচ্চু।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এসব প্রার্থী প্রতীক বরাদ্দের পূর্বে স্থানীয় একটি পত্রিকায় প্রতীকসহ বিজ্ঞাপন প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই এসব প্রার্থীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর ৩১ ধারায় কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে তিন কর্মদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।