১১ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষক অবরুদ্ধ, পরে বরখাস্ত
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ঢালী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১১ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এক ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় গ্রামবাসী গত মঙ্গলবার ওই শিক্ষককে বিদ্যালয়ের একটি কক্ষে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, অভিযোগ পেয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় পরিচালকের কাছ সুপারিশ করা হয়। প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় পরিচালক ইন্দু ভূষণ দেব ওই শিক্ষককে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেন।
গ্রামবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিনোদপুর ঢালি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাবা সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও ঘটনাটি তদন্ত করার জন্য সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আলমকে দায়িত্ব দেন।
অভিযোগের বিষয়টি বিনোদপুর ঢালী কান্দি গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল সকাল নয়টার দিকে বিদ্যালয় মাঠে জড়ো হন। তাঁরা ওই শিক্ষককে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় গ্রামবাসী ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বেলা তিনটার দিকে পালং মডেল থানার পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চম শ্রেণির চারজন ছাত্রী প্রথম আলোকে জানায়, ওই শিক্ষক বিদ্যালয় ভবনের ছাদে নিয়ে তাদের অশ্লীল ভিডিও দেখায়। শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। অশ্লীল কথা বলে। বিষয়টি কাউকে জানালে পরীক্ষায় ফেল করানো হবে এমন ভয় দেখানো হয়।
একজন অভিভাবক বলেন, ‘আমার মেয়ে বিদ্যালয়ে যেতে চাইত না, কান্না করত। কেন যেতে চায় না জানতে চাইলে সে আমাদের কাছে সব ঘটনা খুলে বলে। তখন বিষয়টি লিখিতভাবে ইউএনওকে জানাই।’
ওই শিক্ষক বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। এলাকার কিছু মানুষ আমাকে বিদ্যালয় থেকে তাড়ানোর জন্য ছাত্রীদের দিয়ে অভিযোগ করিয়েছে।’
শরীয়তপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আলম বলেন, ‘এক ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে কথা বলি। ১১ জন ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বেলা সাড়ে তিনটার দিকে বলেন, শিক্ষককে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।