১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এলাকায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে এ অভিযোগপত্র নাকচ করে গতকাল বুধবার বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে খুন হন গত ১০ জুন। পরদিন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এ মামলায় গত ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু কুদ্দুস মুন্সি। অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময় আশ্রমে গিয়ে নেশা করতেন এবং চাঁদা চাইতেন। বিষয়টিকে কেন্দ্র করে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এর জেরেই নিত্যরঞ্জন পাণ্ডেকে হত্যা করা হয়েছে। ঘটনার দিনের সিসি টিভি ফুটেজ, সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তিতে বিষয়টি পরিষ্কার হয়েছে।

তবে পুলিশের এ অভিযোগপত্র ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে হিমাইতপুর ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় মিছিলটি। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে বলেন, পুলিশ প্রথমে জঙ্গি সংশ্লিষ্টতার কথা বললেও তদন্তে অন্য কথা বলেছে। আগে বলা কোনো বিষয়েই তাঁরা স্থির থাকেনি।

তবে তদন্ত কর্মকর্তা আবু কুদ্দুস মুন্সি বলেন, ‘অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার প্রশ্নই ওঠে না।’

আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে গত ১০ জুন ভোরে প্রাতভ্র৴মণে বের হলে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।