পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মানব পাচার, প্রতিরোধ ও দমন আইনে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের আনোয়ার হোসেন ১৪ মে এ মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুলাসার ইউনিয়নের পরান শরীফ ও হাবিবুর রহমান। অন্য আসামিরা হলেন একই ইউনিয়নের নবির হোসেন, ছোবাহান শরীফ, রহমত উল্লাহ, সবুজ, মো. হাচান, রোকেয়া বেগম, ছালমা বেগম, মাকসুদা বেগম ও জবিউল হক।
এজাহারের বিবরণ অনুযায়ী, দুবাইয়ে হোটেলে কাজ দেওয়ার কথা বলে আসামিরা ২ লাখ ৪২ হাজার টাকা নিয়ে আনোয়ার হোসেনের ছেলে মো. আনিসকে নেপালের দালালদের হাতে তুলে দেন। গত ২১ মার্চ কলাপাড়ার বজলুর রহমান নেপালের দালালদের কবল থেকে পালিয়ে এসে বাদীকে (আনোয়ার) জানান, আনিস দালালদের হাতে বন্দী আছেন। তাঁকে দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করানো হচ্ছে। তাঁর ওপর চালানো হচ্ছে নির্যাতন।