১১ জেলায় আরও গ্রেপ্তার ২১২
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় অব্যাহত রয়েছে। বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার মিলিয়ে দেশের ১১ জেলা থেকে ২১২ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী এসব জেলা থেকে গতকাল পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের তিন হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নগরের রমনা, হাজারীবাগ, চকবাজার ও শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপির নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। বুধবার গভীর রাতে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জামায়াত-শিবিরের ব্যানার, প্রচারপত্রসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।
চট্টগ্রামে বিএনপি ও ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনসহ তিনজন এবং ছাত্রশিবিরের ১৪ জন কর্মী।
সাতক্ষীরার বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চলমান অবরোধ কর্মসূচির মধ্যে এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৩০৭।
মৌলভীবাজারের বড়লেখায় মিছিলের প্রস্তুতির সময় পুলিশ লোকমান আহমদ (২২) নামে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২০০।
গাইবান্ধার সাত উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ নিয়ে জেলায় ৩৫৬ জন গ্রেপ্তার হলো। কুষ্টিয়ায় চারটি ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
জামায়াতের বরিশাল মহানগর (দক্ষিণ) সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২০৯। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল আখের, সাধারণ সম্পাদক আবদুল আজিজসহ চারজনকে সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৫৫।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় হওয়া মামলায় বিএনপি-জামায়াতের ১২ জন নেতা-কর্মীসহ ১০৪ জনকে আটক করেছে পুলিশ। সরাইলে জাকির হোসেন (২০) নামে ছাত্রদলের এক কর্মী গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে জেলায় ৪৫০ জনকে গ্রেপ্তার করা হলো।
মানিকগঞ্জে নাশকতার আশঙ্কায় বুধবার রাতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহাঙ্গীর ওরফে রানাসহ বিএনপির ছয় কর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৬১।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক; কুষ্টিয়া, বরিশাল ও ময়মনসিংহ অফিস এবং গাইবান্ধা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ও মানিকগঞ্জ প্রতিনিধি}