১১ দিন পর শিক্ষককে উদ্ধার, চার 'অপহরণকারী' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১১ দিন পর রাজশাহীর বাঘা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। 

আজ বুধবার র‍্যাবের পক্ষ থেকে এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উদ্ধার করা শিক্ষক ও আটক ব্যক্তিদের হাজির করা হয়। সেখানে জানানো হয়, উদ্ধারকৃত শিক্ষকের নাম এমদাদুল হক (৫৫)। বাড়ি বাঘা উপজেলার ছাতারী গ্রামে। তিনি ছাতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আটক হওয়া ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (৪১), বুলু আকন্দ (৫৬), শাহ আলম (২৫) ও আব্দুর রাজ্জাক (৪০)। র‍্যাব জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে নাটোরের আটঘোলা এলাকায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ ওই চারজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক মোশারফ হোসেনের কাছে প্রধান শিক্ষক এমদাদুল হকের ৫০ হাজার টাকা পাওনা ছিল। এই টাকা দেওয়া কথা বলে মোশারফ হোসেন গত ২৯ আগস্ট এমদাদুলকে নাটোরের সিংড়া উপজেলার জামতলা নামক স্থানে যেতে বলেন। এরপর মোশারফ তাঁকে শাহাদাত নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে রাতের খাবারের পর মোশারফ, রাজ্জাক, ইসমাইল ও শাহাদাত এমদাদুলকে অস্ত্রের মুখে জিম্মি করেন। এরপর মুক্তিপণ হিসেবে এমদাদুলের পরিবারের কাছে ১০ লাখ টাকা দারি করেন।
সংবাদ সম্মেলনে র‍্যাবের ভাষ্য, শিক্ষক এমদাদুলকে সাহেব আটঘোলা নামক দুর্গম ও কম জনবসতিপূর্ণ এলাকার জনৈক বুলুর বাড়ীতে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। পাশের গ্রামের আকরামের বাড়ি থেকে খাবার এনে অপহৃত এমদাদুলকে খাওয়ানো হতো। ইসমাইল এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করত। রাজ্জাক সিরাজগঞ্জে থেকে মুক্তিপণ আদায়ের ব্যাপারে এমদাদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। পরবর্তীতে এমদাদুলের পরিবার মুক্তিপণ হিসেবে সাড়ে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয়। রাজ্জাক গতকাল মঙ্গলবারের মধ্যে মুক্তিপণের টাকা দেওয়ার সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে মুক্তিপণ দিতে ব্যর্থ হলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানালে এমদাদুলকে মেরে ফেলা হবে মর্মে হুমকি দেন তিনি।
র‍্যাবের তথ্য, গত ২ সেপ্টেম্বর এমদাদুলের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাঁকে উদ্ধারে অভিযানে নামে র‍্যাব। প্রথমে মোশাররফ হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে গতকাল মঙ্গলবার তাঁকে আটক করা হয়। এরপর রাজ্জাকের দেওয়া তথ্য মোতাবেক এমদাদুলকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় বুলু, শাহ আলম ও রাজ্জাককে আটক করা হয়।
র‍্যাবের দাবি, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায়ের জন্য এমদাদুলকে অপহরণ ও হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।