১১ দিনে ১০ চুরি, ছিনতাই
বগুড়ার শেরপুর উপজেলায় ১১ দিনে ১০টি বড় ধরনের চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পর্যাপ্ত পুলিশ টহল থাকলে এ ধরনের ঘটনা ঘটত না বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত কয়েক ব্যক্তি জানান, ২০ থেকে ৩০ বছর বয়সী অপরিচিত দুর্বৃত্তরা চুরি ও ছিনতাইয়ে জড়িত। তারা সবাই ধারালো অস্ত্রধারী। এ কর্মকাণ্ডে তারা পরিবহন হিসেবে ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে।
গত ২৪ নভেম্বর রাতে উপজেলার ছোনকা বাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে ওই অপরাধী চক্র তালা ভেঙে প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে। একই রাতে শহরের ধুনট সড়কে আরেকটি দোকানঘরের তালা ভেঙে লুট করে এক লাখ টাকার মালামাল।
২৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাগরপুরে সিএনজিচালিত অটোরিকশাচালক অশ্বিনী সরকারকে (৪৫) মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। একই দিন দিবাগত রাত একটার দিকে দুর্বৃত্তরা ট্রাকে করে এসে হানা দেয় উপজেলার চৌমুহনী বাজারে। বাজারের নৈশপ্রহরীকে রামদা, ছুরি ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে পাশের একটি ঘরে আটকে রাখে। এ সময় তারা বাজারের সাতটি দোকানঘরের তালা ভেঙে প্রায় সাড়ে ছয় লাখ টাকার মালামাল লুট করে। একই দিন দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রানীরহাট সড়কের শেরপুরমুখী একটি ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ট্রাকচালক ছিনতাইয়ের কবল থেকে রক্ষার জন্য ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ট্রাকটি বিকল হয়ে গেলে তারা চলে যায়।
২৭ নভেম্বর রাতে দুর্বৃত্তরা উপজেলার সাগরপুর গ্রামে কৃষক হামেদ আলীর গোয়ালঘর থেকে চারটি গরু নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় তারা গরু ফেলে পালিয়ে যায়। ৩০ নভেম্বর রাতে উপজেলার ঢেঁপুয়া গ্রামে কৃষক মকবুল হোসেনের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। এখানেও গ্রামবাসীর ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি সিগারেট প্রস্তুতকারী কোম্পানির বিক্রয় প্রতিনিধি হারুনুর রশিদ এই চক্রের শিকার হন। হারুনুর রশিদ জানান, গাড়িদহ বাজারে বিক্রি করা সিগারেটের টাকা নিয়ে বাইসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার দুগ্ধ খামারের সামনে তিনটি মোটরসাইকেলে করে এসে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে মারধর করে। তারা কোম্পানির ১৫ হাজার টাকা এবং তিন হাজার টাকা মূল্যের সিগারেট লুট করে নিয়ে যায়।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা ঢাকাগামী পণ্যবাহী ট্রাকে ঢিল ছুড়ে গাড়ি থামানোর চেষ্টা করে। তবে তারা গাড়ি থামাতে ব্যর্থ হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ধুনট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা রুহুল আমিন (৩৩) ও মাঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম (৪২) মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। পথে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের উপজেলার শুবলী এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁদের মারধর করে একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও নগদ টাকা, ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৬৫ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।
অটোরিকশাচালক মিজানুর রহমান জানান, উপজেলার রানীরহাট সড়কে রাতে নিয়মিত টহল পুলিশ থাকলে চৌমুহনী বাজারে এতগুলো দোকানে চুরি হতো না। একই কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা।